বঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ধূপগুড়িতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে প্রায় আড়াইশো টোটোচালক । সরকারের পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হলেও , সেই নির্দেশ মানতে নারাজ টোটো চালকের একাংশ। এই রেজিস্ট্রেশনের বিরোদ্ধে তারা একাধিকবার আন্দোলন ও ডেপুটেশন জমা দিয়েও কোনো লাভ হয়নি । সেই কারণে রাজনৈতিকভাবে বড় সিদ্ধান্ত নিলেন টোটো চালকরা।
বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যতীনের হাট মাঠে বিজেপি ‘পরিবর্তন সভা’-র আয়োজন করে। সেই সভাতেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দিয়েছেন মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, নাথুয়া ও দুরামারি এলাকার প্রায় আড়াইশো টোটোচালক। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত, জেলা সাধারণ সম্পাদিকা মিতালী রায়-সহ ধূপগুড়ি ব্লকের একাধিক নেতৃত্ব। তাঁদের হাত থেকেই দলীয় পতাকা নিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন টোটোচালকরা।
এই যোগদান নিয়ে ধূপগুড়ির রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় বলেন , “২০১১ সাল থেকে তৃণমূল সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে। চাকরি না পেয়ে এখন অনেকে টোটো চালাচ্ছেন। টোটোকে পেশা করে রুটিরুজি জোগাড়ের সিদ্ধান্ত নেন। এখন সেই টোটোকেই রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়া হচ্ছে। তাই, টোটোচালকরা বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগ দিলেন। এই সরকারের ঢাকি-সহ বিসর্জন হবে।”







