আজ যুব এশিয়া কাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান। দু’দলই প্রতিযোগিতায় দারুণ ছন্দে রয়েছে। আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ড থেকে খুব বেশি দূরে নয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম—তিন মাস আগে যেখানে বড়দের এশিয়া কাপে তিন বার মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচগুলিকে ঘিরে যেমন উত্তেজনা ও বিতর্ক হয়েছিল, যুবদের লড়াইয়েও তার ছায়া থাকছে।
পহেলগাঁওকাণ্ড ও অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে বড়দের ম্যাচে একাধিক বিতর্ক দেখা গিয়েছিল। যুব এশিয়া কাপে প্রথম সাক্ষাতে তেমন বড় ঘটনা না ঘটলেও, দু’দল হাত মেলায়নি। রবিবারের ম্যাচেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। বিতর্কের সম্ভাবনা পুরস্কার বিতরণ মঞ্চেও। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি মঞ্চে থাকলে, ভারত চ্যাম্পিয়ন হলে ট্রফি গ্রহণ করবে কি না—তা নিয়েও জল্পনা রয়েছে।
তবে মাঠের লড়াইয়ে নজর থাকবে সেই চিরাচরিত দ্বন্দ্বে—ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং। বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুণ্ডুরার সামনে বড় পরীক্ষা আলি রাজ়া ও মহম্মদ সায়ামদের বিরুদ্ধে। গ্রুপ পর্বে পাকিস্তানের বোলাররা বিশেষ ছাপ ফেলতে না পারলেও, ভুল থেকে শিক্ষা নিয়ে নামবেন বলেই মনে করছে ক্রিকেট মহল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের শক্তি প্রমাণ করার শেষ বড় মঞ্চ এই এশিয়া কাপ। এই পর্যায়ে ভাল পারফরম্যান্স ভবিষ্যতে সিনিয়র দলে সুযোগ পাওয়ার রাস্তা খুলে দেয়। সেই কারণেই অভিজ্ঞানেরা মরিয়া।
প্রথম ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে ১৭১ রান করে ঝড় তুলেছিলেন বৈভব। পরের ম্যাচে দ্বিশতরান করেন অভিজ্ঞান। তবে টপ অর্ডারের অন্য ব্যাটাররা এখনও ধারাবাহিক নন। আয়ুষ ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকলেও এই প্রতিযোগিতায় রান পাননি। বারবারই মিডল অর্ডার দলকে টেনে তুলেছে।
মাঝের ওভারে ভরসার নাম অ্যারন জর্জ। হায়দরাবাদের এই ব্যাটার টানা তিন ম্যাচে অর্ধশতরান করে দলকে জয়ের পথে নিয়ে গেছেন। কঠিন পরিস্থিতিতেও তাঁর স্ট্রাইক রেট ১০০-র উপরে। সঙ্গে রয়েছেন বিহান মলহোত্র—যাঁর অপরাজিত ৬১ রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনাল জেতে ভারত। প্রয়োজনে ম্যাচ শেষ করার দায়িত্ব নিতে পারেন কণিষ্ক চৌহানও। অলরাউন্ডার হিসেবে এশিয়া কাপে ছ’টি উইকেট তাঁর ঝুলিতে।
বোলিং বিভাগে সবচেয়ে উজ্জ্বল দীপেশ দেবেন্দ্রন। ১১ উইকেট নিয়ে তিনি প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি (যৌথভাবে)। নতুন বলে ১৩০ কিলোমিটারের বেশি গতিতে বল করে তিনি গ্রুপ ম্যাচে পাকিস্তানের টপ অর্ডার একাই ভেঙে দিয়েছিলেন। পাকিস্তানের আবদুল সুভানেরও রয়েছে ১১ উইকেট।
পাকিস্তান শিবিরে সুভানের সঙ্গে রয়েছেন লম্বা পেসার আলি রাজ়া ও বাঁ হাতি মহম্মদ সায়াম। রাজ়ার গতি ও সুইং, সায়ামের আগুনে ইন-সুইং ভারতীয় ব্যাটারদের পরীক্ষায় ফেলতে পারে। স্পিনে নিকাব শফিক ও আহমেদ হুসেন বৈচিত্র আনতে পারেন। তবে ব্যাটিংই পাকিস্তানের আসল চিন্তা। সমীহ মিনহাস ফর্মে থাকলেও উসমান খান, আলি হাসান বোলাচ ও অধিনায়ক ফারহান ইউসাফের ধারাবাহিকতা প্রশ্নের মুখে।
সব মিলিয়ে রবিবারের ম্যাচে উত্তেজনার রসদ ভরপুর। ইতিহাস বলছে, এই লড়াই মানেই ব্যাট বনাম বলের মহারণ। যুবদের মঞ্চে সেই গল্পের পরবর্তী অধ্যায় লেখা হতে চলেছে দুবাইয়ে।







