আবহাওয়া

কুয়াশার দাপটে মরশুমের শীতলতম ভোর কলকাতায়, পারদ নামল ১৪.৪ ডিগ্রিতে

কুয়াশার চাদরে মোড়া কলকাতা ও বাংলা। চলতি মরশুমের শীতলতম ভোর দেখল মহানগর। রবিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা এই শীতে এখনও পর্যন্ত সর্বনিম্ন। এর আগে ৬ ডিসেম্বর কলকাতার পারদ নেমেছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি, সেখানে একদিনের ব্যবধানে তাপমাত্রার এই পতন স্বাভাবিকভাবেই শীতের দাপট আরও বাড়িয়েছে।
শনিবারের পর রবিবারও টানা দ্বিতীয় দিন ঘন কুয়াশার দাপটে কার্যত ঢেকে যায় গোটা রাজ্য। ভোর থেকে রোদ না ওঠায় দিনভর স্যাঁতস্যাঁতে ঠান্ডা অনুভূত হচ্ছে। বেলা বাড়লেও দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়ে। আবহাওয়া দফতরের মতে, এই ঘন কুয়াশার নেপথ্যে রয়েছে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরেই লাদাখে শুরু হয়েছে তুষারপাত। কার্গিলে রবিবার সকাল পর্যন্ত ২ থেকে ৩ ইঞ্চি তুষার জমেছে।
ঘন কুয়াশার প্রভাব পড়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেও। সকাল আটটা নাগাদ বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল প্রায় ৬০০ মিটার, যদিও মূল রানওয়েতে তা ছিল ১০০০ মিটার। অত্যাধুনিক প্রযুক্তির আলো ব্যবহার করে বিমান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে, ফলে এখনও পর্যন্ত বড় কোনও ব্যাঘাত হয়নি।
শুধু কলকাতা নয়, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও কুয়াশার দাপট বাড়ছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নামতে পারে বলে আশঙ্কা। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
উত্তরবঙ্গেও একই ছবি। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রবিবার ও সোমবার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও কুয়াশার সতর্কতা জারি। পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে নামতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং তাপমাত্রা মোটের উপর এই অবস্থানেই থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.