খেলাধুলা

বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা! প্রথম ভারতীয় মহিলা হিসেবে ছুঁলেন টি-টোয়েন্টিতে ৪০০০ রানের মাইলফলক

ভারতীয় মহিলা ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র স্মৃতি মান্ধানা আবারও এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ফেললেন। রবিবার বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমে তিনি এমন এক মাইলফলক স্পর্শ করেছেন, যা এর আগে কোনো ভারতীয় মহিলা ক্রিকেটার করে দেখাতে পারেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪,০০০ রানের গণ্ডি পেরিয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন ২৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।

বিশ্ব ক্রিকেটের মঞ্চে এর আগে একমাত্র নিউজিল্যান্ডের সুজি বেটস এই রেকর্ডের মালিক ছিলেন। তবে একটি জায়গায় স্মৃতি সুজিকেও টেক্কা দিয়েছেন। ৪,০০০ রান পূর্ণ করতে কিউই তারকা যেখানে ৩৬৭৫টি বল খেলেছিলেন, স্মৃতি সেখানে মাত্র ৩২২৭টি বল খরচ করেই এই লক্ষ্যে পৌঁছে গিয়েছেন। অর্থাৎ, গতির বিচারে স্মৃতিই এখন বিশ্বের দ্রুততম ৪ হাজারি ব্যাটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে তিনি ২৫ রান করে আউট হলেও, ওই ইনিংসটুকু খেলার পথেই তিনি ইতিহাসের পাতায় নিজের নাম তুলে নেন।

গত মাসেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত একদিনের বিশ্বকাপ জিতেছিল। সেই ঐতিহাসিক জয়ের পর এটিই ছিল স্মৃতির প্রথম ম্যাচ। বিশ্বকাপের ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ দীপ্তি শর্মাও এই ম্যাচে নিজের দাপট বজায় রেখেছেন। ভারতের টাইট বোলিংয়ের সামনে লঙ্কান ব্যাটাররা কার্যত হাত খুলে খেলতেই পারেননি। শ্রীলঙ্কার ওপেনার বিশমি গুণরত্নে ৩৯ রান করলেও দলের বাকিরা খুব একটা সুবিধা করতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রানেই আটকে যায় সফরকারী দল।

ভারতের হয়ে বল হাতে নজর কেড়েছেন তরুণ পেসার ক্রান্তি গৌড়। শ্রীলঙ্কার মারকুটে অধিনায়ক চামারি আথাপাত্তুকে প্যাভিলিয়নে ফিরিয়ে প্রথম বড় ঝটকাটি তিনিই দেন। এছাড়া দীপ্তি শর্মা তার ৪ ওভারে একটি মেডেন-সহ মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নেন। ২০ বছরের অভিষেককারী স্পিনার বৈষ্ণবী শর্মাও বেশ মাপা বোলিং করেছেন। যদিও ফিল্ডিংয়ে কিছু ভুলের কারণে শ্রীলঙ্কা কয়েকবার জীবন ফিরে পেয়েছিল, তা সত্ত্বেও ভারতকে খুব বড় লক্ষ্য দিতে পারেনি তারা। স্মৃতির এই রেকর্ড গড়ার দিনে ভারতীয় দলের বোলিং পারফরম্যান্স জয়ে বড় ভূমিকা রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.