কলকাতা

যুবভারতী কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ, রাজ্যের SIT-এর উপর আস্থা রাখল হাই কোর্ট

কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া অশান্তি ও ভাঙচুরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে, তাদের তদন্ত প্রক্রিয়ায় এই মুহূর্তে কোনও হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়েছে আদালত।

সোমবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে যুবভারতীকাণ্ড সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার শুনানি শেষ হয়। সেই শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানানো হয়।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, আইন মেনেই রাজ্য সরকার SIT গঠন করেছে। তদন্তের বর্তমান পর্যায়ে দলটিকে পক্ষপাতদুষ্ট বলা যায় না। শুধুমাত্র ‘আস্থাহীনতার’ অভিযোগের ভিত্তিতে রাজ্যের তদন্তকারী দলকে সরিয়ে কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্ত তুলে দেওয়া যায় না বলেও মন্তব্য করে আদালত।

শুনানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ মামলাকারীদের তরফে দাবি করা হয়, রাজ্যের গঠিত SIT-এর উপর তাঁদের আস্থা নেই এবং নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইয়ের হস্তক্ষেপ জরুরি। তবে সেই যুক্তিতে সায় দেয়নি ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের মতে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং SIT গঠনের ক্ষেত্রে কোনও আইনি ত্রুটি চোখে পড়েনি।

আদালত আরও জানিয়েছে, ভবিষ্যতে যদি তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি বা পক্ষপাতের স্পষ্ট প্রমাণ সামনে আসে, সে ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তদন্তে হস্তক্ষেপ করার কোনও কারণ নেই।

উল্লেখ্য, লিওনেল মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভে যুবভারতী স্টেডিয়ামে বিক্ষুব্ধ জনতার তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করেই এই মামলা দায়ের হয়েছিল। হাই কোর্টের এই রায়ে আপাতত স্বস্তি পেল রাজ্য সরকার। তবে সিবিআই তদন্তের দাবিতে যাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তাঁদের সেই চেষ্টা আপাতত সফল হল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.