বিনোদন

রাত সাড়ে ৩টেয় দরজায় ধাক্কা, ‘নেতার সাগরেদ’ পরিচয়ে হুমকি—ভোররাতে থানায় উরফি জাভেদ

মুম্বইয়ের মতো মহানগরী কি আদৌ নিরাপদ? সেই প্রশ্নই তুলে দিলেন জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। সোমবার ভোররাতে বোনদের সঙ্গে থানায় ছুটতে বাধ্য হওয়ার নেপথ্যের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন তিনি। উরফির দাবি, গভীর রাতে তাঁর বাড়ির দরজায় আচমকা তাণ্ডব চালায় দু’জন অচেনা ব্যক্তি, যাদের আচরণে আতঙ্কে কেঁপে ওঠেন তিনি ও তাঁর দুই বোন।

সংবাদমাধ্যমের সামনে উরফি জানান, ঘড়িতে তখন রাত সাড়ে ৩টে। হঠাৎ করেই দরজায় জোরে ধাক্কা এবং টানা কলিং বেলের শব্দ শুরু হয়। দরজা খুলে দেখতে পান, এক ব্যক্তি জোর করে ঘরে ঢোকার চেষ্টা করছে, পাশে দাঁড়িয়ে রয়েছে আরও একজন। পরিস্থিতি বুঝে উরফি তাঁদের চলে যেতে বলেন এবং পুলিশের ভয় দেখান। কিন্তু তাতেও কাজ হয়নি। উল্টে ওই দু’জন নিজেদের ‘প্রভাবশালী নেতাদের লোক’ বলে দাবি করে আরও ভয় দেখাতে শুরু করে।

উরফির কথায়, “ওরা বলছিল, মাথার উপর বড় নেতাদের হাত আছে, তাই কাউকে ভয় পায় না।” বাধ্য হয়ে তিনি পুলিশে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও অভিযুক্তদের আচরণ বদলায়নি। অভিযোগ, পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করে তারা। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ভোরের দিকে দাদাভাই নওরোজি থানায় যান উরফি ও তাঁর বোনেরা।

থানা থেকে একটি ছবি শেয়ার করে উরফি লেখেন, ভোর ৫টা পর্যন্ত তাঁরা কেউই চোখের পাতা এক করতে পারেননি। বোন ডলি জাভেদও সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লেখেন, গত এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার এমন অনিরাপদ পরিস্থিতির মুখে পড়তে হল। এই ঘটনার পর ফের একবার মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.