হলিউডে ফের এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিউ জার্সির নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রী ইমানি দিয়া স্মিথের মরদেহ। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী ডিজনির জনপ্রিয় ছবি ‘দ্য লায়ন কিং’-এ ‘ইয়াং নালা’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইমানির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিনেত্রীর প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, পুলিশ খতিয়ে দেখছে এটি পূর্বপরিকল্পিত ছিল কি না।
ইমানি দিয়া স্মিথ পরিবারের সঙ্গে নিউ জার্সিতে বসবাস করতেন। তাঁর তিন বছরের এক পুত্রসন্তান রয়েছে। বাবা-মা ও ভাইবোনদের সঙ্গেই তাঁর সংসার ছিল। এই আকস্মিক ঘটনায় পরিবার গভীর শোকের মধ্যে রয়েছে। অভিনেত্রীর শেষকৃত্য ও পরিবারের ভবিষ্যৎ দেখভালের জন্য একটি অনলাইন তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তহবিল সংগ্রহের বিবৃতিতে ইমানির কাকিমা জানান, ২১ ডিসেম্বর এই মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি লেখেন, ইমানি ছিলেন অত্যন্ত প্রতিভাবান ও প্রাণবন্ত একজন মানুষ। অল্প বয়সেই অভিনয়ের জগতে নিজের জায়গা করে নিয়েছিলেন।‘দ্য লায়ন কিং’-এ তাঁর অভিনয় বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছিল।
ইমানির মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা। অনেকেই তাঁর অকালপ্রয়াণে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তদন্ত শেষ হলে এই ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ হবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনা আবারও বিনোদন জগতে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।







