জেলা

বড়দিনের সকালে আলিপুরদুয়ারে হাতির হামলা, বাড়ির উঠোনেই প্রাণ গেল গৃহকর্তার

বড়দিনের সকালে ভয়াবহ মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল আলিপুরদুয়ার জেলা। আচমকা হাতির হানায় প্রাণ হারালেন এক গৃহকর্তা। পরিবারের সদস্যদের চোখের সামনেই বাড়ির উঠোনে শুড় পেঁচিয়ে তাঁকে আছাড় মারে একটি হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পবিত্র রায় (৫২)। তিনি ফালাকাটা ব্লকের জটেশ্বর সংলগ্ন ব্যাংকান্দি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে কুয়াশায় মোড়া ছিল গোটা এলাকা। সেই সময় আচমকাই একটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে। বাড়ির সামনে হাতিটি চলে এসেছে—তা বুঝে ওঠার আগেই বিপদ নেমে আসে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হাতিটিকে দেখতে পেয়ে পালানোর চেষ্টা করেছিলেন পবিত্র রায়। কিন্তু মুহূর্তের মধ্যেই হাতিটি তাঁকে শুড় দিয়ে পেঁচিয়ে তুলে আছাড় মারে। গুরুতর জখম অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি করলেও ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। হাতিটিকে জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মেনে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

উল্লেখযোগ্য ভাবে, চলতি বছরের অক্টোবর মাসেও জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাট এলাকায় পৃথক দু’টি ঘটনায় হাতির হামলায় মৃত্যু হয়েছিল এক শিশু ও এক মহিলা-সহ তিন জনের। সেই ঘটনার স্মৃতি এখনও তাজা। এর মধ্যেই ফের লোকালয়ে হাতির হানায় প্রাণহানির ঘটনায় প্রশ্ন উঠছে বন-মানুষ সংঘাত নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে।

ক্রমবর্ধমান এই ধরনের ঘটনার জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.