ইচ্ছে ছিলো পুলিশ হওয়ার, সেই মতো নিয়মিত মাঠে যেতেন অনুশীলন করতেন। ইচ্ছা পূরণের আগেই প্র্যাক্টিস থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো ২১ বছরের তরুণী আলফা খাতুনের। তাঁকে ইচ্ছাকৃত ভাবে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে বলে দাবী মেয়ের বাবা।
ঘটনা সূত্রে জানা গেছে পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর সিদ্ধেপাড়ার বাসিন্দা ছিলেন আলফা খাতুন। তিনি ছোটো থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও পারদর্শী ছিলেন।কালনা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পাশ করেছিলেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী পুলিশে চাকরি করবে বলে নবদ্বীপের একটি মাঠে প্রতিদিনের মত এদিনও ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বের হয়েছিলেন আলফা। তার স্বাভাবিক বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলেও না আসায় চিন্তায় পড়ে যায় তার পরিবার। তাঁকে ফোন করলে রিং হলেও তা তোলেননি আলফা। আর এতেই চিন্তা আরও বাড়ে পরিবারের সদস্যদের।
তার কিছুক্ষণ পরেই কালনা আরপিএফ থেকে ফোন করা হয় তরুণীর বাবা সাদেক শেখকে। তাঁকে ফোন করে আরপিএফের তরফে জানানো হয় যে, তাঁর মেয়ে ট্রেন থেকে পড়ে মারা গিয়েছে। সাদেক শেখ সংবাদ মাধ্যমে জানান, ” মেয়ে রাজ্য ও কলকাতা পুলিশে চাকরি করবে বলে নবদ্বীপের মাঠে অনুশীলন করতে যেত। এদিনও যায়। মেয়ে সময়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ি। এর পরেই আরপিএফ জানায়, ট্রেন থেকে পড়ে মেয়ের মৃত্যু হয়েছে। আমার মেয়ে পড়ে যাওয়ার মেয়ে নয়। কিছু একটা ঘটেছে। আমার মেয়েকে যে কেউ হোক ট্রেন থেকে ফেলে দিয়েছে বলেই আমার অনুমান। প্রকৃত ঘটনা কি ঘটেছে তা জানতে অভিযোগ জানাব।”







