জেলা

মধ্যমগ্রামে বোম আতঙ্ক, ব্যাগ ঘিরে চাঞ্চল্য — আহত যুবক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায়

মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনেই রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক যুবকের হাতে হঠাৎই বোমা বিস্ফোরণ ঘটে। তার সঙ্গেই ছিল একটি ব্যাগ, যা দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম সচিদা নন্দ মিশ্রা (২৫), বাড়ি উত্তর প্রদেশে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক এবং অপারেশন চলছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। উপস্থিত ছিলেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এবং এসডিপিও বারাসত বিদ্যাগর অজিঙ্কা অনান্ত। শুরুতে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয় এবং তদন্তের স্বার্থে ঘটনাস্থল ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়। পুলিশের আশঙ্কা ছিল ব্যাগে আরও বিস্ফোরক থাকতে পারে। ফলে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে।

পরে বোম স্কোয়াড পৌঁছে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা মেনে ব্যাগটি খোলে। অবশেষে দেখা যায়, তেমন কোনও বিস্ফোরক মেলেনি। ব্যাগ থেকে উদ্ধার হয় মোবাইল চার্জার, কিছু ইলেকট্রনিক গ্যাজেট এবং জামাকাপড়। প্রাথমিক তদন্তে অনুমান, আহত যুবকই সম্ভবত কোনওভাবে হাতে থাকা বিস্ফোরক সামগ্রী বিস্ফোরিত করে ফেলে।

স্থানীয়দের মতে, আশপাশে গ্রামীণ এলাকায় বোমা উদ্ধার বা বিস্ফোরণের ঘটনা নতুন নয়, কিন্তু মধ্যমগ্রামের শহরতলিতে এমন ঘটনা এই প্রথম। ফলে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.