কলকাতার বাইপাসের ধারে এক অভিজাত আবাসনে মর্মান্তিক ঘটনা। পরিবারের অভিযোগ না থাকলেও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। জানা গিয়েছে, চার তলা থেকে ঝাঁপ দিয়েই প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র কুমার সিঙ্ঘল (৭৫)। সিলভার স্প্রিং আবাসনে স্ত্রী, মেয়ে ও নাতির সঙ্গে থাকতেন তিনি। বহুদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। তার সঙ্গে ছিল প্যানক্রিয়াটাইটিস। গত দু’মাস মুম্বইয়ে চিকিৎসাধীন থাকার পর এ মাসের গোড়ায় শহরে ফিরে আসেন।
রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ হঠাৎ শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে যান। নাতি দেখেন, ঘরের জানলা খোলা এবং দাদু কোথাও নেই। পরে আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। তৎক্ষণাৎ এনআরএস মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘ রোগভোগ ও মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন তিনি। এখন পর্যন্ত কোনওরকম ষড়যন্ত্রের ইঙ্গিত মেলেনি। তদন্ত চলছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।







