খেলাধুলা

উত্তাল বাংলাদেশের রাজনীতিতে কবিতার ভাষায় প্রতিবাদ শাকিব আল হাসানের, প্রশ্ন তুললেন শিশুদের ভবিষ্যৎ নিয়ে

বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি নিয়ে কবিতার মাধ্যমে মুখ খুললেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা শাকিব আল হাসান। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে লেখা সেই কবিতায় উঠে এসেছে রাজশাহী, টাঙ্গাইল থেকে গোপালগঞ্জ—একাধিক জায়গার নিহত ও অনাথ শিশুদের নাম। দীপু দাস, ওসমান হাদি থেকে শুরু করে দীপ্ত সাহার মতো একাধিক শিশুর প্রসঙ্গ এনে শাকিব প্রশ্ন তুলেছেন—এই দেশের ভবিষ্যৎ কি সত্যিই সুরক্ষিত?

বাংলাদেশের বাইরে থাকলেও দেশের পরিস্থিতি যে তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে, তা স্পষ্ট তাঁর কবিতায়। শাকিব লিখেছেন, রাজশাহীর মাসুদ, টাঙ্গাইলের মোমিন, দীপু দাস, ওসমান হাদি কিংবা গোপালগঞ্জের দীপ্ত সাহার মতো শিশুরা ধর্ম বা রাজনীতি বোঝে না। তবু রাজনীতিরই শিকার হয়ে তাদের জীবন বিপর্যস্ত হয়েছে। সেই সব অনাথ শিশুদের ভবিষ্যৎ যেন অন্ধকারে তলিয়ে না যায়, সেই দায়িত্ব দেশের প্রতিটি মানুষের—এই বার্তাই দিয়েছেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক।

কবিতার মধ্য দিয়েই শাকিব বাংলাদেশের মানুষকে কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন—“শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য আমরা কি সত্যিই দায়িত্বশীল আচরণ করছি?” বড়দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি আসলে দেশের আগামী প্রজন্মের জন্য উদ্বেগই প্রকাশ করেছেন।

ক্রিকেট মাঠে কিংবদন্তি হলেও রাজনীতিতে পা রাখার পর থেকে শাকিব আল হাসান বিতর্কের কেন্দ্রবিন্দুতে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাংসদ ছিলেন তিনি। বর্তমানে তাঁর বিরুদ্ধে বাংলাদেশে খুনের মামলা চলছে। সেই কারণে দীর্ঘদিন ধরেই দেশে ফিরতে পারেননি শাকিব। সপরিবারে তিনি এখন আমেরিকায় বসবাস করছেন।

২০২৫ সালের এপ্রিল মাসে শাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। চেক জালিয়াতির মামলায় আদালতের নির্দেশে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ় ও একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়। একই বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনাকে সমাজমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

বিতর্কের মাঝেই শাকিব জানিয়েছিলেন, দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে অবসর নিতে চান তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ইচ্ছা অপূর্ণই থেকে গিয়েছে। বাংলাদেশে ফেরা কার্যত অসম্ভব হয়ে ওঠায় দূর থেকেই দেশের উত্তাল পরিস্থিতি নিয়ে কবিতার ভাষায় প্রতিবাদ জানালেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.