বছর শেষের মুখে কলকাতা মেট্রোয় যাত্রী ভোগান্তি যেন পিছু ছাড়ছে না। একদিন রেক বিকল হয়ে পরিষেবা বন্ধ, তো পরদিন টিকিট ভেন্ডিং মেশিনে অনলাইন পেমেন্টে সমস্যা। তার উপর নতুন করে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ। নিত্যযাত্রীরা বলছেন, অ্যাপ কাজ না করায় প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের।
গত কয়েকদিন ধরে যাত্রীদের অভিযোগ, ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপে লগ ইন করা যাচ্ছে না। কার্ড রিচার্জ বা মোবাইল টিকিট কাটার চেষ্টা করলেই স্ক্রিনে ভেসে উঠছে ‘এরর’ মেসেজ। এমনকী, মেট্রোর সময়সূচি দেখতে গিয়েও সমস্যায় পড়ছেন অনেকে। ফলে যাত্রীদের কাছে কার্যত অচল হয়ে পড়েছে অ্যাপটি।
অ্যাপের পাশাপাশি সমস্যা দেখা দিয়েছে একাধিক স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনেও। অনলাইন পেমেন্ট ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে যাত্রীদের ভরসা করতে হচ্ছে কাউন্টারের উপর। কিন্তু অধিকাংশ স্টেশনে গড়ে মাত্র এক বা দুটি কাউন্টার খোলা থাকে। তার তুলনায় যাত্রীসংখ্যা অনেক বেশি। ফলস্বরূপ, লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গিয়ে একের পর এক মেট্রো মিস করছেন যাত্রীরা। এতে ক্ষোভ ও বিরক্তি ক্রমশ বাড়ছে।
যাত্রীদের একাংশের বক্তব্য, সুবিধার কথা ভেবেই ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ চালু করা হয়েছিল। কিন্তু সেই অ্যাপ যদি দিনের পর দিন কাজ না করে, তা হলে তার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, এমন পরিস্থিতিতে অ্যাপ বন্ধ করে দিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়াই ভালো।
এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপটির আপগ্রেডেশনের কাজ চলছে। সেই কারণেই সাময়িক অসুবিধা হচ্ছে। কর্তৃপক্ষের তরফে যাত্রীদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে। তবে কবে নাগাদ এই সমস্যা পুরোপুরি মিটবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। আগাম সতর্কতা না দেওয়ায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন যাত্রীরা।







