ভয়াবহ আগুন গ্রাস করল বাজারের ২০০ থেকে ৩০০ টি দোকান। গভীর রাতে পুড়ে ছাই শতাধিক ব্যবসায়ীর লক্ষ লক্ষ টাকার সম্পত্তি। সোমবার গভীর রাতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবুর বাজারে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে , কিছু করবার আগেই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। চোখে জল , মুখে হতাশা যদুবাবুর বাজারের ২০০ থেকে ৩০০ টি দোকানের ব্যবসায়ীদের।
জানা গেছে, সোমবার গভীর রাতে হঠাৎই আগুন লাগে যদুবাবুর বাজারে। চোখের পলক পড়তেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজারে । তবে কিভাবে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটল তা এখনো জানা যায়নি। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্তের দাবি তুলেছে যদুবাবুর বাজারের ব্যবসায়ীরা। যদুবাবুর বাজারের এক ব্যবসায়ী বলেন, “হঠাৎ করে একজন ফোন করে বললেন যে, তাড়াতাড়ি চলে আসার জন্য। তারপর বললেন, এখানে সব শেষ হয়ে গিয়েছে। আমি এসে দেখি, সত্যিই আর কিছুই নেই। আমার একটা ইলেকট্রিকের দোকান ছিল। পুরোটা পুড়ে গিয়েছে। এই বাজারে অন্তত ২০০টা দোকান ছিল।”
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকলের মোট সাতটি ইঞ্জিনের কঠোর পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে গোটা বাজারটাই শ্মশানে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যদুবাবুর বাজারের সমস্ত দোকানেই টিনের ছাউনি দিয়ে ঘেরা । ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন একাধিক পুর প্রতিনিধি-সহ উত্তর দমদম পুরসভার প্রধান বিধান বিশ্বাস। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন , “এই বাজারটি পুরসভার অন্তর্গত। আমরা ব্যবসায়ীদের পাশে আছি। কীভাবে ওদের পুনর্বাসন দেওয়া যায়, আমরা সেই চেষ্টাই করব। সেইসঙ্গে, এই দুর্ঘটনা কিভাবে ঘটল তার পূর্ণ তদন্ত হওয়া দরকার।”







