উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) ২০২৫ সালে রেলযোগাযোগ সম্প্রসারণে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যাত্রীদের সুযোগ-সুবিধা উন্নত করা, উত্তর-পূর্বাঞ্চল ও সংলগ্ন এলাকায় আঞ্চলিক ও আন্তঃরাজ্য যাতায়াতকে আরও মজবুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই লক্ষ্যে সারা বছর জুড়ে বেশ কয়েকটি নতুন ট্রেন পরিষেবা চালু করা হয়েছে, যা রেল মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের গুরুত্ব আরও বাড়িয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে, ৭ জানুয়ারি ২০২৫ থেকে দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে চালু হয়েছে ট্রেন নং ১২০৪৭/১২০৪৮ গুয়াহাটি–নর্থ লখিমপুর–গুয়াহাটি জন শতাব্দী এক্সপ্রেস। একই সঙ্গে, ৪ জানুয়ারি থেকে দৈনিক পরিষেবায় রূপ নিয়েছে নিউ বঙাইগাঁও–গুয়াহাটি–নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার (৫৫৮১৭/৫৫৮১৮)। ৫ জানুয়ারি থেকে ত্রি-সাপ্তাহিক ভিত্তিতে চলাচল শুরু করে তিনসুকিয়া–নাহরলগুন–তিনসুকিয়া এক্সপ্রেস (১৫৯১১/১৫৯১২), যা আঞ্চলিক সংযোগকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে।
দূরপাল্লার যাত্রীদের কথা মাথায় রেখে, ২০ জুন ২০২৫ থেকে চালু হয় শিয়ালদহ–জলপাইগুড়ি রোড–শিয়ালদহ সাপ্তাহিক এক্সপ্রেস (১৩১১৫/১৩১১৬)। পর্যটন ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দার্জিলিং পাহাড়ি সেকশনে ঐতিহ্যবাহী ও পর্যটন যাত্রার চাহিদা মেটাতে ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে চালু হয়েছে দার্জিলিং–ঘুম–দার্জিলিং ট্রেন (৫২৫৯২)।
সেপ্টেম্বর ২০২৫-এ রেল পরিষেবা সম্প্রসারণ আরও গতি পায়। ১৯ সেপ্টেম্বর থেকে চালু হয় সাইরাং–আনন্দ বিহার টার্মিনাল–সাইরাং রাজধানী এক্সপ্রেস (২০৫০৭/২০৫০৮)। এর আগে, ১৩ সেপ্টেম্বর থেকে দৈনিক পরিষেবায় যুক্ত হয় গুয়াহাটি–সাইরাং–গুয়াহাটি এক্সপ্রেস (১৫৬০৯/১৫৬১০) এবং ১৬ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনদিন চলাচল শুরু করে কলকাতা–সাইরাং–কলকাতা এক্সপ্রেস (১৩১২৫/১৩১২৬)।
এছাড়াও, ১৭ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ছয়দিন চলাচল শুরু করেছে দানাপুর–জোগবানি–দানাপুর বন্দে ভারত এক্সপ্রেস (২৬৩০১/২৬৩০২)। ১৬ সেপ্টেম্বর থেকে দৈনিক পরিষেবায় যুক্ত হয়েছে শিলিগুড়ি–কাটিহার–শিলিগুড়ি এক্সপ্রেস (১৫৭০১/১৫৭০২)। দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে সাপ্তাহিক ভিত্তিতে চালু হয়েছে ইরোড–জোগবানি–ইরোড অমৃত ভারত এক্সপ্রেস (১৬৬০২/১৬৬০১)।
রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, ২০২৫ সালে এই নতুন ট্রেন পরিষেবাগুলির সূচনা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেল পরিকাঠামো সম্প্রসারণ, সহজগম্যতা বৃদ্ধি এবং সমগ্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। নতুন এই সংযোগগুলি আগামী দিনে বাণিজ্য, পর্যটন ও মানুষের দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।







