সামনেই বিধানসভা নির্বাচন । আর নির্বাচনে যদি বিজেপি জয় পায় , তাহলে কি রাজ্যে চলা প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে ? না একদমই নয় । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন , বিজেপি বঙ্গে ক্ষমতায় এলে , বর্তমানে চলা কোনো প্রকল্পই বন্ধ হবে না বরং আরও নতুন প্রকল্প চালু করা হবে । এদিনের সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন , “ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরেও এখনকার বর্তমান সরকার যে সমস্ত প্রকল্প চালাচ্ছে তার মধ্যে একটা স্কিমও বন্ধ হবে না। আর তাছাড়া আমাদের ইস্তেহারে আমরা যে সমস্ত প্রকল্পের কথা বলব তা বাস্তবের রূপ পাবে। এটা গোটা দেশেই আমাদের ট্র্যাক রেকর্ড।”
অমিত শাহের বক্তব্যের পর , ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে তৃণমূল নেতারা ইতিমধ্যেই সুর চড়িয়েছেন। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন , “বাংলায় ওরা কেন্দ্রীয় সব প্রকল্প কেন বন্ধ করে রেখেছে? এই টাকা কী বিজেপির টাকা? এটা তো জনসাধারণের টাকা, করদাতাদের টাকা। জিএসটি-তে সব টাকা নিয়ে যাচ্ছেন আর কেন্দ্রীয় প্রকল্পের সব টাকা কোন অধিকারে বন্ধ করা হয়েছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অর্ডার দিলেও পশ্চিমবঙ্গকে খেতে দেব না, গরিব মানুষের পেটে লাথি মারব, এই মানসিকতা নিয়ে বিজেপি ভোট চাইছে।”
জয়প্রকাশ মজুমদার আরো বলেন , “হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বললেও ওরা মানবে না। বিজেপি এমন একটা দল যাঁরা ভারতের সংবিধান মানে না, যা ইচ্ছে তাই করে। ২০২৬ সালের নির্বাচনে মমতার বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে ওদের বাড়ি যেতে হবে।”







