মাতৃত্বকালীন ছুটির পর কাজের সময় সীমাবদ্ধতা টানার কারণে একের পর এক দক্ষিণী বড়ো বাজেটের ছবি থেকে বাদ পড়ছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সন্দীপ রেড্ডি বঙ্গার পরিচালিত ‘স্পিরিট’ ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। জানা গেছে, দীপিকা দিনে মাত্র ৮ ঘণ্টা কাজের শর্ত দেন, যা নির্মাতাদের পক্ষে মানা সম্ভব হয়নি। সেই কারণেই বাদ পড়তে হয় তাকে। এরপর শোনা যায়, নাগ অশ্বিন পরিচালিত বহুচর্চিত ছবি ‘কল্কি ২’ থেকেও বাদ পড়তে পারেন দীপিকা। সূত্রের দাবি, মাতৃত্ব এবং কাজ একসঙ্গে সামলাতে গিয়ে দীপিকা সময় বেঁধে দিচ্ছেন, যা নির্মাতাদের বিরক্তির কারণ হয়ে উঠেছে। যদিও এ নিয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী।
তবে এবার যেন চুপিসারে নিজের যোগ্য জবাব দিলেন দীপিকা পাড়ুকোন। দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই নামী পরিচালকের ছবি থেকে বাদ পড়েও, সোজা ‘ক্যুইন’ হয়ে হাজির হলেন অ্যাটলির নতুন ছবিতে। অ্যাটলির এই বড়ো বাজেটের ছবিতে দীপিকার বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। জানা যাচ্ছে, পুনর্জন্মের কাহিনিনির্ভর এই মেগা প্রজেক্টের প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এপ্রিল-মে মাসে। ছবিটি প্রযোজনা করছে তামিল প্রযোজনা সংস্থা সান পিকচার্স। শুরুতে এই ছবির জন্য সলমন খানের নাম ভাবা হলেও, বক্স অফিসে তার সাম্প্রতিক ব্যর্থতার কারণে সেই প্রস্তাব গিয়ে পৌঁছয় আল্লু অর্জুনের কাছে।
শনিবার সমাজমাধ্যমে ছবির সেট থেকে একটি ভিডিও ভাগ করে নেন পরিচালক অ্যাটলি। সেই ভিডিওতেই দীপিকাকে নিজের ছবির ‘ক্যুইন’ বলে অভিহিত করেন তিনি। ছবিতে দীপিকা অভিনয় করছেন এক বীরাঙ্গনার চরিত্রে। ভিডিওতে দীপিকাকে তলোয়ার চালাতে ও লাঠি ঘোরাতে দেখা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন স্টান্ট-এ অংশ নিয়েছেন দীপিকা। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পুনরুদ্ধারে দীপিকার এই কামব্যাক যে নজরকাড়া হতে চলেছে, তা বলাই বাহুল্য।







