দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। পুরুষ দল যেটা পারেনি, সেটা করেই দেখাল ইস্টবেঙ্গলের মহিলারা। এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ জয় নিশ্চিত করে গর্ব ফিরিয়ে আনল লাল-হলুদ শিবিরে। সৌম্যা গুগুলথের একমাত্র গোল ইস্টবেঙ্গলের জন্য লিখে দিল নতুন ইতিহাসের পাতা।
শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ১-০ ব্যবধানে ওড়িশা এফসি-কে হারিয়ে মহিলাদের আই লিগে অপরাজেয় অভিযান অব্যাহত রাখল ইস্টবেঙ্গল। ৬৭ মিনিটে সৌম্যার নিখুঁত ফিনিশ লিগ শিরোপা নিশ্চিত করে দেয়। ২০০৩-০৪ সালে পুরুষ দলের জাতীয় লিগ জয়ের পর এতদিন কোনো ঘরোয়া লিগ খেতাব ছিল না ক্লাবের ঝুলিতে। সেই দীর্ঘ প্রতীক্ষা ঘুচল মহিলা দলের সাফল্যে।
তৃতীয়বার আই লিগ খেলেই চ্যাম্পিয়ন হওয়া, সেটাই ইস্টবেঙ্গল মহিলা দলের অসাধারণ সাফল্যের প্রমাণ। একমাত্র গোকুলম ছাড়া বাকি সব দলকে হারিয়েছে তারা। শেষ ম্যাচ গোকুলমের বিরুদ্ধে ১৮ এপ্রিল, যেখানে লিগ ট্রফি হাতে তোলা হবে আনুষ্ঠানিকভাবে। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিটও।
মরসুম শুরুর আগেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গঠন করেছিল ইস্টবেঙ্গল। গোকুলমের প্রাক্তন কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ়কে আনা হয়, দলে নেওয়া হয় আশালতা দেবী, অঞ্জু তামাং, সন্ধ্যা রঙ্গনাথনের মতো জাতীয় তারকাদের। বিদেশিদের মধ্যে এলশাদ্দাই ২০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। নানজিরি, সুইটি দেবীর নেতৃত্ব, এবং গোছানো পরিকল্পনাই দলের সাফল্যের চাবিকাঠি।
তৃপ্তি নয়, এ এক নব সূচনা – এমনটাই বলছেন লাল-হলুদ শিবিরের অনেকে। পুরুষ দল যেখানে আইএসএলে একবারও প্লে-অফে উঠতে পারেনি, সেখানে মহিলা দল আই লিগে একচ্ছত্র দাপট দেখিয়ে দিল ক্লাবের ঐতিহ্য এখনো অক্ষুন্ন। তৃষা, দেবলীনা, তিতলিদের মতো বাংলার মেয়েরাও নিয়মিত সুযোগ পেয়ে নিজেদের প্রমাণ করেছে। এই জয় ইস্টবেঙ্গল মহিলাদের নয়, গোটা ক্লাবেরই।







