বিনোদন

ঋষভের বারণ অমান্য করে বিপাকে রণবীর! ‘কান্তারা’র দৈব্যরূপ অনুকরণে ধর্মাবেগে আঘাতের অভিযোগ

মঞ্চে নিজের উপস্থিতি ও প্রাণবন্ত আচরণে দর্শকদের মনোরঞ্জনে পারদর্শী রণবীর সিংহ। যে কোনও অনুষ্ঠানেই তাঁর স্বতঃস্ফূর্ততা আলাদা মাত্রা যোগ করে। তবে সম্প্রতি মুম্বইয়ের এক চলচ্চিত্র উৎসবে সেই স্বতঃস্ফূর্ততা তাঁকে ফেলে দিল বিতর্কের কেন্দ্রে। ‘কান্তারা’ অভিনেতা ঋষভ শেট্টীর অভিনয়ের প্রশংসা করতে গিয়ে রণবীরের আচরণে ক্ষুব্ধ তুলু সম্প্রদায়ের একটি অংশ। তাঁদের অভিযোগ— রণবীর মঞ্চে তুলুর আরাধ্য দেবী ‘চামুণ্ডাদেবী’-র রূপের অনুকরণ করে ধর্মাবেগে আঘাত করেছেন।

‘কান্তারা: চ্যাপটার ওয়ান’–এ ঋষভের দৈব্যরূপ ধারণের অভিনয়ে মুগ্ধ হন রণবীর। উৎসবের মঞ্চে উপস্থিত ঋষভকে দেখে তিনি আবেগতাড়িত হয়ে সেই বিখ্যাত রূপটির অভিনয় নকল করে দেখাতে শুরু করেন। কিন্তু দর্শকাসন থেকে ঋষভ বারবার হাত নেড়ে ও জিভ কেটে রণবীরকে থামতে অনুরোধ জানালেও অভিনেতা তা বুঝতে পারেননি। এর পরই অভিযোগ ওঠে, রণবীর তুলু সম্প্রদায়ের আরাধ্য গুলিগাদেবীর বোন, চণ্ডীরূপে পূজিতা ‘চামুণ্ডাদেবী’-কে নিয়ে অনুচিতভাবে হাসিঠাট্টা করেছেন। ঘটনাটি নিয়ে একটি পুলিশি অভিযোগও দায়ের হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে রণবীর দ্রুত প্রকাশ্যে ক্ষমা চান। নিজের পোস্টে তিনি লেখেন, তাঁর উদ্দেশ্য শুধুই ঋষভের অসামান্য অভিনয়শৈলীর প্রশংসা করা। তিনি জানান, একজন অভিনেতা হিসাবে তিনি বোঝেন এমন দৈব্যরূপে অভিনয় করতে কতটা নিবিড় প্রস্তুতি ও আত্মনিবেদন লাগে। সেই কারণেই ঋষভের প্রতি তাঁর শ্রদ্ধা অপরিসীম। রণবীর আরও বলেন, তিনি বরাবরই ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করেন এবং তাঁর আচরণে যদি কারও ভাবাবেগে আঘাত পেয়ে থাকে, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

তবে রণবীরের এই ক্ষমা চাওয়া কি বিতর্ক থামাতে যথেষ্ট হবে, নাকি আরও আইনি-সামাজিক চাপের মুখে পড়তে হবে তাঁকে— সেটাই এখন নজর কাড়ছে শিল্পী মহল ও দর্শকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.