টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী দম্পতি মাহি ভিজ (Mahhi Vij) এবং জয় ভানুশালী (Jay Bhanushali)-র দাম্পত্যে ইতি টানল নতুন বছর। গত এক বছর ধরেই তাঁদের সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিয়ে সোশ্যাল মিডিয়ায় যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেন এই তারকা দম্পতি।
প্রায় দুই দশক একসঙ্গে কাটানোর পর, ১৪ বছরের বিবাহিত জীবন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন মাহি ও জয়। তবে তাঁদের বক্তব্যে স্পষ্ট—এই বিচ্ছেদের গল্পে কোনও খলনায়ক নেই। কোনও অভিযোগ বা নেতিবাচকতার জায়গা নয়, বরং শান্তির জন্যই আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন তাঁরা। সংসারে থেকে অশান্তির চেয়ে আলাদা থেকে শান্তিতে থাকা ভালো—এই উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন দু’জনেই।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় মাহি ও জয় জানান, স্বামী-স্ত্রীর সম্পর্ক শেষ হলেও, তাঁদের বন্ধুত্ব অটুট থাকবে। তিন সন্তানের দায়িত্ব তাঁরা যৌথভাবেই পালন করবেন। দাম্পত্য ভাঙলেও সন্তানদের জীবনে কোনও নেতিবাচক প্রভাব পড়তে দেবেন না বলেই আশ্বাস দিয়েছেন তাঁরা। তবে সন্তানদের কাস্টডি কার কাছে থাকবে, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য প্রকাশ্যে আনেননি এই দম্পতি।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০১১ সালের ১১ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি ভিজ ও জয় ভানুশালী। ২০১৭ সালে গৃহ সহায়িকার দুই সন্তান—ছেলে রাজবীর ও মেয়ে খুশিকে দত্তক নেন তাঁরা। ২০১৯ সালে জন্ম হয় তাঁদের কন্যা তারা-র। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সচেতন এই দম্পতি কখনও বড় বিতর্কে জড়াননি। বরং টেলি দুনিয়ায় আদর্শ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের উদাহরণ হিসেবেই পরিচিত ছিলেন তাঁরা।
গত বছরের মাঝামাঝি সময় থেকে আলাদা থাকার খবর ছড়ালেও, সে সময় মাহি নিজেই জানিয়েছিলেন—এ ধরনের কোনও কথা সত্যি হলেও, তা প্রকাশ্যে আনবেন না। কিন্তু নতুন বছরে এসে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন জয় ও মাহি।
এক অধ্যায়ের সমাপ্তি ঘটলেও, পারস্পরিক সম্মান, বন্ধুত্ব এবং সন্তানের দায়িত্বকে প্রাধান্য দিয়েই এগোতে চান তাঁরা—এমন বার্তাই তুলে ধরলেন টেলিভিশন জগতের এই পরিচিত মুখ।







