গত ২১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সল্টলেক সেক্টর থ্রি এলাকার এক বাসিন্দা বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকার সহ বেশ কয়েকটি মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
তদন্তের প্রথম ধাপেই পুলিশ স্থানীয় এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। চুরির ধরন, প্রবেশ ও প্রস্থান পথ এবং অভিযুক্তদের গতিবিধি খতিয়ে দেখে তদন্তকারীদের অনুমান হয়, এই ঘটনার সঙ্গে জড়িত কুখ্যাত ‘ট্যাংরা গ্যাং’। উল্লেখযোগ্যভাবে, এই গ্যাংয়ের বিরুদ্ধে এর আগেও কলকাতা ও পার্শ্ববর্তী হাওড়া, সোনারপুর, বেলঘরিয়া ও কাশীপুর এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে।
এরপরই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সোর্স এবং অন্যান্য থানার সহযোগিতায় একটি বৃহৎ অভিযান চালায়। অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ চারজন কুখ্যাত দুষ্কৃতী—জুমরাতি, রাজ্জাক ওরফে রাজা, মিরাজ এবং রিঙ্কু ওরফে চিকনাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই দ্রুত সাফল্যে পুলিশের তৎপরতা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন এলাকাবাসী।
গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে অভিযুক্তদের পুলিশি রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড কালে জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতে আরও তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি, প্রায় সমস্ত চুরি যাওয়া স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বর্তমানে মামলার তদন্ত চলছে। অভিযুক্তদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ। বিধাননগর পুলিশের এই দ্রুত অভিযানে শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।







