খেলাধুলা

মুস্তাফিজুর অপমানের ‘বদলা’! বাংলাদেশে নিষিদ্ধ হলো আইপিএল সম্প্রচার ও বিজ্ঞাপন

ভারত-বাংলাদেশ কূটনৈতিক লড়াইয়ের আঁচ এবার সরাসরি এসে পড়ল খেলার মাঠের গ্ল্যামার দুনিয়ায়। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার পাল্টা চাল হিসেবে বাংলাদেশে জনপ্রিয় এই ক্রিকেট লিগের সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধ করার ঘোষণা দিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএলের ম্যাচ দেখানো তো বটেই, এমনকি এই সংক্রান্ত কোনো বিজ্ঞাপন বা প্রচারও ওপার বাংলায় চালানো যাবে না।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এই কঠোর সিদ্ধান্তের পেছনে স্পষ্টত আবেগের জায়গাটিকে রাখা হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সংগত কারণ ছাড়াই ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে খেলতে বাধা দিয়েছে, যা বাংলাদেশের সাধারণ মানুষকে ব্যথিত ও অপমানিত করেছে। তাই জনস্বার্থের কথা ভেবে এবং জনগণের ক্ষোভের প্রতি সম্মান জানিয়েই এই বয়কট বা নিষেধাজ্ঞা জারি করা হলো।

আসলে গত শনিবার যখন বিসিসিআই কেকেআর-কে জানিয়ে দেয় যে মুস্তাফিজুরকে ছাড়াই তাদের দল গড়তে হবে, তখন থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের সুতো আলগা হতে শুরু করে। এর আগে বিসিবি জানিয়েছিল, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না এবং নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আইসিসি-র কাছে ভেন্যু বদলের দাবিও তুলেছে। এবার সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত সেই বৈরিতাকে কয়েক গুণ বাড়িয়ে দিল।
রাজনৈতিক মহলের মতে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়েছিল, তা এখন চরমে পৌঁছেছে। বিশেষ করে সংখ্যালঘু ইস্যু এবং সম্প্রতি ক্রিকেটকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক পরিস্থিতিকে হাতের বাইরে নিয়ে গেছে। আইপিএল বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ড, যা থেকে বঞ্চিত হতে চলেছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তবে আগামী মাসেই ওপার বাংলায় নির্বাচন হওয়ার কথা। নতুন সরকার ক্ষমতায় আসার পর ক্রিকেটীয় এই ‘কোল্ড ওয়ার’ বা শীতল যুদ্ধের অবসান ঘটে কি না, এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.