রাজ্য

অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: মৃত অন্তত ২০, অধিকাংশই মহিলা শ্রমিক

অন্ধ্রপ্রদেশের Andhra Pradesh রাজ্যের কাকিনাড়ার সামালকোটা মণ্ডলের ভেটলাপালেম এলাকায় একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহুজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর প্রায় ২টা ৪৫ নাগাদ ‘সূর্য শ্রী’ নামের ওই বাজি কারখানায় কাজ চলাকালীন আচমকাই প্রবল বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানাজুড়ে। লেলিহান শিখা আকাশছোঁয়া হয়ে ওঠে এবং বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গ্রাম কেঁপে ওঠে। কয়েকটি বাড়িতে ফাটলও দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কারখানাটি কৃষিজমির মাঝখানে অবস্থিত হওয়ায় বিস্ফোরণের অভিঘাত ছিল ভয়াবহ। ঘটনাস্থলে থাকা বহু শ্রমিক ছিটকে পাশের জমিতে পড়ে যান। উদ্ধারকারীদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, ফলে শনাক্তকরণে সমস্যা হচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশই মহিলা শ্রমিক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার সময় কারখানায় ৪০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা এখনও চলছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাজি তৈরির রাসায়নিক উপাদানের প্রতিক্রিয়া অথবা অসাবধানতা থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী N. Chandrababu Naidu। তিনি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং মৃতদের পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাজি তৈরির জন্য এই অঞ্চলটি পরিচিত এবং এর আগেও এখানে ছোট-বড় দুর্ঘটনার নজির রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতার আনন্দপুরে একটি মোমো ও ডেকরেটার্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল। দাহ্য পদার্থ ও গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনার মতোই সাম্প্রতিক এই বিস্ফোরণও আবার সামনে এনে দিল কারখানা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.