পয়লা জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ইক্কিস’। ধর্মেন্দ্রর শেষ ছবি এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার অভিনয়-অভিষেক—এই দুই কারণেই মুক্তির আগেই আলোচনায় ছিল সিনেমাটি। তবে মুক্তির পর ছবির গল্প বা অভিনয়ের চেয়েও বেশি চর্চায় উঠে এসেছে একটি বিশেষ ‘পাকিস্তানবিরোধী ডিসক্লেমার’। সেই সতর্কীকরণ ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
ছবিতে পাকিস্তানি সেনা আধিকারিক ব্রিগেডিয়ার কেএম নিসারের চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাত। একটি দৃশ্যে তাঁর মানবিক আচরণ তুলে ধরার সময় পর্দায় ভেসে ওঠে একটি দীর্ঘ বার্তা। সেখানে বলা হয়েছে, নিসারের মানবিকতা একটি ব্যতিক্রমী ঘটনা; সাধারণভাবে পাকিস্তান বিশ্বাসযোগ্য নয় এবং সে দেশের সেনাবাহিনী ভারতীয় জওয়ান ও নিরীহ নাগরিকদের সঙ্গে বারবার অমানবিক আচরণ করেছে। এমনকি একাধিকবার জেনেভা চুক্তি লঙ্ঘনের অভিযোগও উল্লেখ করা হয়েছে ওই ডিসক্লেমারে।
নির্মাতাদের দাবি, জয়দীপ আহলাতের চরিত্রটির মানবিক দিক স্পষ্ট করতেই এই সতর্কীকরণ যোগ করা হয়েছে। ছবির কাহিনি অনুযায়ী, ১৯৭১-এর যুদ্ধের নায়ক লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বাবা মদনলালকে লাহোরে বিশেষ সম্মান জানিয়েছিলেন ব্রিগেডিয়ার নিসার। তিনি মদনলালকে তাঁর পুরোনো ভিটে সারগোদা গ্রাম দেখান এবং সেই যুদ্ধক্ষেত্রেও নিয়ে যান, যেখানে অরুণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।
অতীত ও বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট মাথায় রেখেই ওই পাকিস্তানি আধিকারিকের মানবিকতাকে ‘ব্যতিক্রম’ হিসেবে দেখাতে চেয়েছেন নির্মাতারা। কিন্তু সেই ব্যাখ্যার ভাষাই প্রশ্ন তুলেছে একাংশের মধ্যে। সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তর্ক-বিতর্ক—কেউ একে দেশপ্রেমের প্রকাশ বলছেন, কেউ আবার একে অপ্রয়োজনীয় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।
সম্প্রতি পাকিস্তান-বিরোধী প্রেক্ষাপটের জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষিদ্ধ হয়েছিল ‘ধুরন্ধর’। সেই অভিজ্ঞতার পর ‘ইক্কিস’-এর ক্ষেত্রেও তেমন কিছু ঘটে কি না, এখন সেদিকেই নজর সিনে মহলের।







