দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাটল জট। ভালবাসার দিন ১৪ ফেব্রুয়ারি থেকেই গড়াতে চলেছে দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট—ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মানডব্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত দিনেই শুরু হবে আইএসএল। কয়েক মাস ধরে অনিশ্চয়তার মেঘে ঢাকা ছিল ভারতের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ মঞ্চ।
এফএসডিএলের সঙ্গে ১৫ বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আইএসএল আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়। অর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রশাসনিক টানাপোড়েনে পড়ে লিগের ভবিষ্যৎ। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, সমাধানের জন্য হস্তক্ষেপ করতে হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককেও।
নতুন বছরের শুরুতে ভারতীয় ফুটবলে আলোড়ন ফেলে দেন দেশের প্রথম সারির ফুটবলাররা। সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, প্রীতম কোটালদের ভিডিওবার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবলাররা জানান, আইএসএল বন্ধ হয়ে গেলে বহু খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের জীবিকা বিপন্ন হবে। ফিফার কাছেও তাঁরা কাতর আবেদন জানান, যাতে ভারতীয় ফুটবলের উপর নেমে আসা এই সংকটের দ্রুত সমাধান হয়।
চাপ বাড়তেই রাতারাতি বৈঠকে বসে ফেডারেশন। লিগ আয়োজনের বিষয়ে আশ্বাস দেওয়া হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থসংস্থান। শেষ পর্যন্ত এ বছর কোনও রকমে তহবিল জোগাড় করে লিগ সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। ক্লাবজোটের একাধিক দাবি-দাওয়া থাকলেও, আইএসএল আয়োজনের প্রশ্নে ‘মাস্টার স্ট্রোক’ দেয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
অন্তত চলতি মরসুমে আইএসএল চালু রাখতে সক্রিয় ভূমিকা নেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মানডব্য। ফেডারেশনও কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করে। এর আগেই ক্লাবগুলির সামনে ২০ বছরের রোডম্যাপ তুলে ধরেছিল ফেডারেশন।
সব মিলিয়ে ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য এ এক স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকেই আবার মাঠে গড়াবে আইএসএলের বল।







