ঘন কুয়াশার দাপটে বাংলায় টানা ‘শীতল দিন’, কলকাতায় ভাঙছে একের পর এক রেকর্ড
ঘন কুয়াশা আর সূর্যের অনুপস্থিতিতে বাংলায় টানা দ্বিতীয় দিনের মতো ‘শীতল দিন’ (Cold Day)। তার জেরেই কলকাতা-সহ রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থেমেছে মাত্র ১৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি কম। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে—২০১৩ সালের পর জানুয়ারি মাসে যা শীতলতম।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০১৩ সালে নেমেছিল ৯ ডিগ্রিতে। তার পর এত ঠান্ডা জানুয়ারি শহর দেখেনি। ঐতিহাসিকভাবে এখনও সর্বনিম্ন রেকর্ড ১৮৯৯ সালের ২০ জানুয়ারি—সেদিন কলকাতার তাপমাত্রা নেমেছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে।
শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও শীতের দাপট চোখে পড়ার মতো। শ্রীনিকেতনে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে গিয়েই থেমে যায়। দমদমে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ‘শীতল দিন’-এর সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর। পাশাপাশি বর্ধমান ও বীরভূম জেলায় জারি হয়েছে শৈত্যপ্রবাহের কমলা সতর্কতা।
কেন এত ঠান্ডা?
আবহাওয়া দফতরের আধিকারিকদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর-পশ্চিম দিক থেকে কনকনে শীতল হাওয়া রাজ্যে ঢুকছে। হাওয়ার গতিবেগ বেড়ে যাওয়ায় শীতের অনুভূতিও তীব্র হচ্ছে। আগামী চার দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, কোচবিহার ও দুই দিনাজপুর জেলায় ‘শীতল দিন’ পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের বীরভূম ও বর্ধমানে বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ চলার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও প্রবল ঠান্ডার দাপট অনুভূত হবে।
কতদিন চলবে শীতের এই স্পেল?
আবহাওয়া দফতর জানিয়েছে, চার দিন পর থেকে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি কমই থাকবে। ফলে সারাদিন শীতের অনুভূতি বজায় থাকবে।
কুয়াশা নিয়েও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ঘন কুয়াশা ও দুপুর পর্যন্ত ভারী শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ঘন কুয়াশা দেখা যেতে পারে, অন্য জেলাগুলিতে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পশ্চিমের জেলাগুলিতে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে রাজ্যজুড়ে আরও কয়েক দিন হাড়কাঁপানো শীতের এই স্পেল জারি থাকবে।







