বুধের পরে বৃহস্পতিতেও শহর কলকাতায় আগুন ! অফিস টাইমেই আগুন নিউটাউনে। অগ্নিকাণ্ডের ঘটনা নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতল অফিস বিল্ডিংয়ে । বহুতলের একের পর এক ফ্লোর চলে যায় আগুনের গ্রাসে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দমকলের ছয়টি ইঞ্জিন। তবে কি থেকে এই আগুন , সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি । অগ্নিকাণ্ডের জেরে নিউটাউনের থাকদাঁড়ি এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায় ।
জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ৭ টার সময় আগুন লাগে নিউটাউনের সিনার্জি বিল্ডিংয়ে। এবং আগুন লাগার মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক , বহু মানুষ বাইরে বেরিয়ে আসেন শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান ।
জানা গিয়েছে ওই সিনার্জি বিল্ডিংয়ে একটি বেকারি রয়েছে। আগুনের সূত্রপাত সেখান থেকেই। এদিন সকালে একজন কর্মী এসে দেখেন , অফিসে আগুন জ্বলছে। আগুন দেখে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়েন ওই কর্মী। বর্তমানে তাকে উদ্ধার করে জিরানগাছা ভাঙড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিল্ডিং এর পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন পৌঁছে যাওয়ায় , আগুন নিয়ন্ত্রণে কার্যত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের । আগুন নিয়ন্ত্রণে আনতে ভেঙে ফেলা হয়েছে বিল্ডিংয়ের কাচও । উল্লেখ্য আগুন লাগা বিল্ডিংয়ের লাগোয়াই বিদ্যুতের ট্রান্সফরমার থাকায় , যে কোনো সময়ই বড় বিপদ ঘটতে পারে। পাশাপাশি দমকা হাওয়াতেও আগুন অনেকটাই ছড়িয়ে পড়ছে ।






