রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়তে চলেছে ভারত ও চিনের অর্থনীতিতে। রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনার ‘অপরাধে’ সহযোগী দেশগুলোর ওপর মারাত্মক আর্থিক কোপ বসানোর ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে খবর, রাশিয়ার সঙ্গে যারা ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপানোর তোড়জোড় শুরু করে দিয়েছে আমেরিকা।
সম্প্রতি এই সংক্রান্ত একটি বিতর্কিত বিলে সবুজ সংকেত দিয়েছেন ট্রাম্প। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, বুধবার ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। আমেরিকার স্পষ্ট কথা, একদিকে পুতিন আলোচনার কথা বলছেন, আর অন্যদিকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ভারত বা চিনের মতো দেশগুলো সস্তায় রুশ তেল কিনে আদতে পুতিনের যুদ্ধের খরচ জোগাচ্ছে। আর এই ‘মানি সাপ্লাই’ বন্ধ করতেই এবার কোমর বেঁধে নেমেছে ওয়াশিংটন।
বর্তমানে ভারত ও চিন তাদের চাহিদার প্রায় ৭০ শতাংশ জ্বালানি তেল আমদানি করে রাশিয়া থেকে। এছাড়া ব্রাজিলও রুশ তেলের বড় খদ্দের। মার্কিন প্রশাসনের দাবি, এই দেশগুলো তেল কেনা বন্ধ না করলে পুতিনকে আলোচনার টেবিলে আনা সম্ভব নয়। তাই রাশিয়ার আর্থিক মেরুদণ্ড ভেঙে দিতে এই দেশগুলোর ওপর আকাশছোঁয়া কর চাপিয়ে এক প্রকার শাস্তির ব্যবস্থা করতে চাইছে ট্রাম্প প্রশাসন। আগামী সপ্তাহেই মার্কিন সেনেটে এই বিলটি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা।
আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা দখলের পর থেকেই নিজেকে বিশ্বশান্তির দূত হিসেবে প্রমাণ করতে মরিয়া। তাঁর অন্যতম প্রধান লক্ষ্য হলো যেভাবেই হোক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো। কিন্তু পুতিন সহজে বশ্যতা স্বীকার না করায় এবার তেলের বাজারকে হাতিয়ার করতে চাইছেন ট্রাম্প। যদি এই ৫০০ শতাংশ শুল্কের নিয়ম কার্যকর হয়, তবে রাশিয়ার পাশাপাশি ভারত ও চিনের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো যে চরম সংকটে পড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।







