মুম্বইয়ের বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতেই সাতসকালে ভোটকেন্দ্রে হাজির হন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। নাগরিক হিসেবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজকের দিনটা সেই দিন, যখন আমাদের হাতে ‘রিমোট কন্ট্রোল’ থাকে। আমি সমস্ত মুম্বইবাসীকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি।”
ভোট দিয়ে বেরোনোর সময়ই ঘটে যায় এক হৃদয়স্পর্শী ঘটনা। ভোটকেন্দ্র থেকে নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন অক্ষয়, ঠিক সেই সময় ভিড় ঠেলে তাঁর সামনে এসে দাঁড়ান এক তরুণী। হাতে সাদা কাগজের একটি চিরকুট নিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “বাবা অনেক ঋণে ডুবে আছেন, দয়া করে ওঁকে বাঁচান!”
ভক্তের এই কাতর আবেদনে মুখ ফিরিয়ে নেননি অভিনেতা। তিনি দাঁড়িয়ে মন দিয়ে মেয়েটির কথা শোনেন এবং পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করে সঙ্গে সঙ্গে তাঁর টিমের এক সদস্যকে তরুণীর ফোন নম্বর লিখে নেওয়ার নির্দেশ দেন। সাহায্যের আশ্বাস পেয়ে আবেগে আপ্লুত হয়ে মেয়েটি অক্ষয়ের পা ছুঁতে গেলে অভিনেতা তাঁকে থামিয়ে স্নেহের স্বরে বলেন, “বেটা, এমনটা করো না।”
ভোটের ডিউটিতে থাকা পুলিশকর্মী ও আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্তের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ অক্ষয়ের এই তাৎক্ষণিক মানবিক প্রতিক্রিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। অনেকের মতে, পর্দার নায়ক হওয়ার পাশাপাশি বাস্তব জীবনেও যে অক্ষয় মানুষের বিপদে পাশে দাঁড়াতে দ্বিধা করেন না, এই ঘটনাই তার প্রমাণ।
নির্বাচনী উত্তেজনার মাঝেই অক্ষয়ের এই মানবিক আচরণ সাধারণ মানুষের মন জয় করেছে। নাগরিক কর্তব্য পালনের সঙ্গে সঙ্গে এক আর্ত মানুষের পাশে দাঁড়ানোর এই নজির বলিউডের অন্য তারকাদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।







