জেলা

উদ্বোধনের পরের দিনই বিপর্যয়! ভোররাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গঙ্গাসাগর মেলার একাধিক অস্থায়ী ছাউনি

ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য গঙ্গাসাগরে। সাগরমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক পরের দিনই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক অস্থায়ী ছাউনি। বুধবার ভোররাতে গঙ্গাসাগর মেলার ২ নম্বর স্নানঘাট সংলগ্ন এলাকায় প্রথম একটি অস্থায়ী ছাউনিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক ছাউনিতে।

ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং এনজিও বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির। জানা গিয়েছে, ভোর আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুনের সূত্রপাত হয়। ছাউনিগুলি মূলত বাঁশ ও প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ায় সহজেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকা গ্রাস করে নেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দুটি দমকল ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইকের দীর্ঘ আধ ঘণ্টা থেকে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে একাধিক অস্থায়ী ছাউনি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

উল্লেখযোগ্যভাবে, এই অস্থায়ী ছাউনিগুলি পুণ্যার্থীদের থাকার জন্য নয়। গঙ্গাসাগর মেলায় প্রতিবছর প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত পুলিশ, সংবাদমাধ্যম, তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মী-আধিকারিক এবং বিভিন্ন এনজিও সদস্যদের জন্যই এই ছাউনিগুলি তৈরি করা হয়। ২ নম্বর স্নানঘাট বরাবর পুলিশের ক্যাম্প, সংবাদমাধ্যমের শিবির, তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মীদের থাকার জায়গা এবং বজরং পরিষদের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের একাধিক ক্যাম্প ছিল।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ, সাগরের বিডিও কানাইয়াকুমার রায় সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।

মেলার উদ্বোধনের পর পরই পরিকাঠামোগত সমস্ত ব্যবস্থা চালু হয়েছিল। তার মধ্যেই এই অগ্নিকাণ্ড প্রশাসনের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলল। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.