নিজস্ব সংবাদদাতা : অধিকাংশ ক্ষেত্রেই বেড়াতে যাওয়ার জন্য পাহাড়প্রেমীরা বেছে নেন সিকিম। বিশেষ করে নর্থ সিকিমের সৌন্দর্য পর্যটকদের বারবার টানে। তবে এই উঁচু পার্বত্য এলাকায় ঘুরতে এসে অনেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন। বিশেষ করে শিশুরা ও বয়স্কদের এই সমস্যার মুখোমুখি হতে হয়। তাই এই সমস্যা সমাধানের জন্য নতুন সিদ্ধান্ত নিল সিকিম প্রশাসন। গত বুধবার সিকিমের পর্যটন সচিব রাজ যাদব এই প্রসঙ্গে একটি নোটিস জারি করেছেন। সেখানে আগামী ১ ই জুলাই থেকে প্রত্যেক গাড়িতে অক্সিজেন কিট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও এই নিয়ম জারি থাকবে।
নর্থ সিকিমে অনেক ঘোরার জায়গা আছে যেখানে পর্যটকদের ভিড় অনবরত লেগেই থাকে। তালিকায় রয়েছে নাথু লা, গুরু দং মার লেক, ছাঙ্গু উপত্যাকা, লাচুং সহ একাধিক এলাকা। তবে প্রায় ১৭ হাজার উঁচুতে রয়েছে গুরু দং মার লেক। সেই আকর্ষণীয় লেকে পৌঁছানোর সময় বয়স্ক থেকে শুরু করে শিশুরা অনেকেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভোগেন। এবার পর্যটকদের স্বাস্থ্যের প্রতি সচেতনতা দেখিয়ে গাড়িতে অক্সিজেন কিট রাখা বাধ্যতামূলক করেছেন সিকিম সরকার।
ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই প্রতিটি গাড়িতে অক্সিজেন কিট রাখা বাধ্যতামূলক। আগামী পয়লা জুলাই থেকে লাগু হবে এই নিয়ম, এমনটাই জানিয়েছেন রাজ্যের পর্যটন সচিব। তিনি আরো বলেন, গাড়িতে অক্সিজেন কিট আছে কিনা তা প্রতিনিয়ত চেকিং করবেন সিকিম পুলিশ এবং পরিবহন দপ্তরের আধিকারিকেরা।







