রাজ্য

ভোটের পথে বাধা সরাল কমিশন: উত্তরবঙ্গের বাগান শ্রমিকদের জন্য এসআইআরে বড় ঘোষণা

উত্তরবঙ্গের চা ও সিঙ্কোনা বাগানে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন (SIR) পর্বে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে তাঁদের জন্য নথির শর্ত শিথিল করা হল। বাগানের কর্মসংস্থানের নথি দেখালেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে—সঙ্গে দিতে হবে বৈধ বাসস্থানের প্রমাণপত্র।

রবিবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতরে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এই বিশেষ ছাড় শুধুমাত্র উত্তরবঙ্গের সাত জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারে কার্যকর হবে। এই জেলাগুলির চা ও সিঙ্কোনা বাগানে কর্মরত শ্রমিকরাই এসআইআর পর্বে নথির ক্ষেত্রে এই সুবিধা পাবেন।

প্রসঙ্গত, ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রাথমিকভাবে ১১টি নথি গ্রহণযোগ্য বলে জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। পরে সেই তালিকায় আরও দু’টি নথি যুক্ত হয়—আধার কার্ড এবং বিহারের এসআইআর সংক্রান্ত নথি। কিন্তু উত্তরবঙ্গের চা ও সিঙ্কোনা বাগানের বহু শ্রমিকের কাছেই এই নথিগুলি না থাকায় ভোটার তালিকায় নাম তোলা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল।

বংশপরম্পরায় বাগানের সঙ্গে যুক্ত এই শ্রমিকদের বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরে সাত জেলার জেলাশাসকরা কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন, যাতে কর্মসংস্থানের নথিকেই ভোটার তালিকায় নাম তোলার বৈধ প্রমাণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবার সেই প্রস্তাবেই সায় দিল জাতীয় নির্বাচন কমিশন।

উল্লেখযোগ্য ভাবে, সম্প্রতি রাজ্যের প্রান্তিক ও বিচ্ছিন্ন জনবসতির মানুষের কথা মাথায় রেখে এসআইআর শুনানি প্রক্রিয়াতেও পরিবর্তন এনেছে কমিশন। ‘ডিসেন্ট্রালাইজড হিয়ারিং সেন্টার’ বা বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্রে শুনানি পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে, যাতে দুর্গম এলাকায় থাকা মানুষজনও সহজে এসআইআর শুনানিতে অংশগ্রহণ করতে পারেন। নির্বাচন প্রক্রিয়ায় প্রান্তিক মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করছেন প্রশাসনিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.