গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য বিমানবন্দরে যাওয়ার পথে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ফ্রান্স জাতীয় দলের তারকা কোলো মুয়ানি। সৌভাগ্যক্রমে, মুয়ানি এবং সঙ্গে থাকা সতীর্থ উইলসন ওডোবার্ট কেউই গুরুতর আহত হননি।
মুয়ানি নিজেই তার বিলাসবহুল ফেরারি গাড়ি চালাচ্ছিলেন। আচমকাই গাড়ির সামনের চাকায় আগুন ধরে গেলে পরিস্থিতি ভয়ঙ্কর মনে হলেও, সতীর্থ ওডোবার্টের সহায়তায় মুয়ানি নিরাপদে গাড়ি থেকে বের হতে সক্ষম হন। গাড়ির একটি বড় অংশ পুড়ে গেলেও বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি।
টটেনহ্যাম হটস্পারের কোচ টমাস ফ্র্যাঙ্ক সাংবাদিকদের জানিয়েছেন, “দুঃখজনকভাবে দুজন আমাদের ফুটবলার দুর্ঘটনায় ছিলেন, তবে তারা সুস্থ আছেন। দুর্ঘটনার জন্য তাদের পৌঁছাতে দেরি হতে পারে। আশা করি বুধবারের ম্যাচে তারা খেলতে পারবেন।”
উল্লেখ্য, গত বছর পর্তুগিজ তারকা দিয়োগো জোটার একই ধরনের গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার প্রেক্ষাপটে মুয়ানির সুস্থ থাকা ফুটবলপ্রেমীদের জন্য বড় ধরণের স্বস্তি বয়ে এনেছে।







