আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে ক্রমশই চড়ছে উত্তাপ। ভোট যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক সমীকরণের বদল। সেই আবহেই বড়সড় ধাক্কা খেল বিজেপি। শনিবার ব্যারাকপুরে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৩০০ জন বিজেপি নেতা-কর্মী ও সমর্থক।
ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচির মঞ্চ থেকেই এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক রাজ চক্রবর্তী। তাঁদের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে নাম লেখান বিজেপি ছেড়ে আসা কর্মী-সমর্থকরা।
তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে ব্যারাকপুর ও সংলগ্ন এলাকায় শাসকদলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হল। পাশাপাশি বিরোধী শিবির কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছে বলেও দাবি তৃণমূলের। দলবদলের এই প্রবণতা আসন্ন নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।







