আইপিএলে মাঠে সাফল্যের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও বিরাট সাফল্য পেল চেন্নাই সুপার কিংস (CSK)। গত অর্থবর্ষে ফ্র্যাঞ্চাইজির লাভ বেড়েছে ৩৪০ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে CSK-এর লাভের অঙ্ক দাঁড়িয়েছে ২২৯.২০ কোটি টাকা, যেখানে আগের বছর এই অঙ্ক ছিল মাত্র ৫২ কোটি। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সার্বিক আয়ও একলাফে বেড়ে ৬৭৬.৪০ কোটিতে পৌঁছেছে, যা আগের বছর ছিল ২৯২.৩৪ কোটি টাকা।
CSK-এর এই সাফল্যের পেছনে মূল কারণ হিসেবে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি ও ম্যাচের টিকিট বিক্রির ব্যাপক চাহিদাকে দেখানো হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট তাদের দলের ধারাবাহিক সাফল্যের উল্লেখ করে জানিয়েছে, “CSK পাঁচবার আইপিএল জিতেছে ও ১২ বার প্লে অফে উঠেছে।”
তাদের সাম্প্রতিক উদ্যোগ, ‘সুপারকিং ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা চালু করেছে, যার মূল লক্ষ্য ক্রিকেট অ্যাকাডেমির মাধ্যমে খেলাকে আরও ছড়িয়ে দেওয়া। বর্তমানে ১১টি অ্যাকাডেমি চালু হয়েছে, যেখানে প্রশিক্ষিত ১৯ জন ক্রিকেটার তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করে থাকছেন।







