খেলাধুলা

ক্রিকেট বিশ্বে তোলপাড়! ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ

ক্রিকেট বিশ্বে এক নজিরবিহীন তোলপাড় শুরু হয়েছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক মুখে ভারতে খেলতে আসতে সরাসরি মানা করে দিল বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক জরুরি বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে, তারা এই মেগা টুর্নামেন্টে অংশ নিতে ভারতে দল পাঠাবে না। এই অনড় অবস্থানের প্রেক্ষিতে আইসিসি-ও আর দেরি করেনি, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে মূল পর্বে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে।

কিন্তু কেন হঠাত এমন কঠোর সিদ্ধান্ত নিল বিসিবি? বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তারা বিশ্বকাপ খেলতে আগ্রহী, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে পা রাখা তাদের পক্ষে সম্ভব নয়। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে আইপিএল এবং মোস্তাফিজুর রহমান প্রসঙ্গ। কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুরকে যেভাবে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে ভারতের ক্রিকেটীয় রাজনীতির যে প্রভাব কাজ করেছে, তাকে মোটেও সহজভাবে নেয়নি বিসিবি। বুলবুলের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

বিসিবি সভাপতি সরাসরি তোপ দেগেছেন আইসিসি-র ওপর। তাঁর মতে, বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ করেছিল, কিন্তু আইসিসি তাতে কান দেয়নি। বুলবুল ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে ঠিকই, কিন্তু বাংলাদেশের মতো ক্রিকেটপাগল দেশের ২০ কোটি মানুষকে বাইরে রেখে এই খেলার জনপ্রিয়তা বাড়ানো অসম্ভব। এটা আইসিসি-র ব্যর্থতা যে তারা ভারতের একক আধিপত্যের সামনে মাথা নত করে একটা সুষ্ঠু সমাধান বের করতে পারেনি।”
২১ জানুয়ারি আইসিসি-র পক্ষ থেকে বিসিবি-কে একটি সময়সীমা দেওয়া হয়েছিল। সেখানে স্পষ্ট বলা হয়,৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশ না নেয়, তবে বিকল্প দলকে সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় এখন স্কটল্যান্ড সেই শূন্যস্থান পূরণ করবে। এই ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.