যানবাহনের অতিরিক্ত গতির বলি হচ্ছে বহু মানুষ। ফের ইসলামপুরে ঘটে গেল দুর্ঘটনা। বুধবার বাইকের সঙ্গে গাছের ধাক্কায় ঘটে যায় দুর্ঘটনা। যার ফলে প্রাণ হারায় ২জন। শোকের ছায়া নেমে আসে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত পাটাগোড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পাটাগোড়া ফাঁড়ির পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২ মৃত যুবকের নাম মহম্মদ মিরাজ ও উমর আলি। দুইজনেই ইসলামপুর থানার রাজু বস্তি এলাকার বাসিন্দা। ওই দুই যুবক বাইকে করে ইসলামপুর দিক থেকে পাটাগোড়ার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় ওই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে একটি গাছে। ঘটনাস্থলেই প্রাণ হারায় ২জন।
এরপর তড়িঘড়ি ছুটে আসে পুলিশের আধিকারিকেরা। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।







