খেলাধুলা

অভিষেকের তাণ্ডবে গুয়াহাটিতে উড়ে গেল কিউইরা

১০ ওভারেই ম্যাচ শেষ, দু’ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতল ভারত

গুয়াহাটি: গুয়াহাটিতে শতরান এল না অভিষেক শর্মার ব্যাটে। কিন্তু তা সুযোগের অভাবে—ক্ষমতার ঘাটতিতে নয়। নিউ জ়িল্যান্ড পর্যাপ্ত রান তুলতে না পারায় ইনিংস গড়ার প্রয়োজনই পড়েনি। তবু ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করে নজির গড়লেন অভিষেক। আর সেই দাপটেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বচ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে ভারতীয় দলকে।

দু’ম্যাচ বাকি থাকতেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয় নিশ্চিত করে ফেললেন সূর্যকুমার যাদবেরা। রবিবার গুয়াহাটিতে প্রথমে ব্যাট করে মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন কিউইরা ৯ উইকেটে ১৫৩ রান তোলে। জবাবে ভারত মাত্র ১০ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে নেয়। ৮ উইকেটের এই জয়ে ৩–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

দু’-একজনের ব্যর্থতা যেন ভারতীয় শিবিরে কোনও প্রভাবই ফেলছে না। এ দিনও রান তাড়া করতে নেমে ব্যর্থ হন সঞ্জু স্যামসন (০)। বড় ইনিংস পাননি ঈশান কিশনও (২৮)। কিন্তু তাতেও ম্যাচের রাশ এক মুহূর্তের জন্য হাতছাড়া হয়নি। কারণ ব্যাট হাতে ফের তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। সঙ্গ দিলেন আগের ম্যাচেই ফর্মে ফেরা অধিনায়ক সূর্যকুমার যাদব।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার চেনা মেজাজে ব্যাট করলে চিন্তার কোনও কারণ থাকে না—গুয়াহাটিতে সেটাই আবার প্রমাণ হল। ইনিংসের প্রথম বলেই উইকেট পড়লেও ভারতীয় শিবিরে উদ্বেগের ছায়া দেখা যায়নি। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট—২০ ওভারের ফরম্যাটকে জলভাতে পরিণত করেছেন ভারতীয় ব্যাটারেরা। আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছেছে যে, উইনিং কম্বিনেশন বজায় রাখার কথাও যেন ভাবতে হচ্ছে না টিম ম্যানেজমেন্টকে।

অভিষেক–সূর্য জুটি প্রতি ওভারে অনায়াসে তুললেন ১৫–১৬ রান। নিউ জ়িল্যান্ডের কোনও বোলারই তাঁদের আগ্রাসন সামলাতে পারলেন না। মাত্র ১৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক। ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২০ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন তিনি। স্ট্রাইক রেট ৩৪০! তাঁর ব্যাটিংয়ে এতটাই মুগ্ধ হন গ্লেন ফিলিপ্স যে ম্যাচ শেষে অভিষেকের ব্যাট হাতে নিয়ে দেখতেও দেখা যায় তাঁকে—কী আছে এই তরুণ ওপেনারের ব্যাটে, তা বোঝার চেষ্টা করতেই যেন!

সূর্যকুমার খেলেন ২৬ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস—৬টি চার ও ৩টি ছক্কার সৌজন্যে। দু’জনের জুটিতে ওঠে ১০২ রান। ১০ ওভারেই শেষ হয়ে যায় ম্যাচ। একই সঙ্গে নিউ জ়িল্যান্ডের কাছে টেস্ট ও একদিনের সিরিজ় হারের বদলাও তুলে নিল ভারত।

বিশ্বকাপের আগে অভিষেক, ঈশান, সূর্যদের ধারাবাহিক রান পাওয়া নিঃসন্দেহে ইতিবাচক। তবে লোয়ার মিডল অর্ডার ব্যাটারেরা পর্যাপ্ত ম্যাচ অনুশীলনের সুযোগ পাচ্ছেন না—সিরিজ়ের শেষ দু’ম্যাচে এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই ভাববেন কোচিং স্টাফ। যেমন ভাবতে হবে নিউ জ়িল্যান্ডকেও ভারতীয় উপমহাদেশের পিচে বোলারদের কার্যকারিতা নিয়ে। বিশ্বকাপের আগে কাইল জেমিসনদের আত্মবিশ্বাস যে বেশ চাপে, তা স্পষ্ট।

এর আগে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কিউই ব্যাটারেরা। গুয়াহাটির ২২ গজে প্রথম থেকেই দাপট দেখান জসপ্রীত বুমরাহ ও হর্ষিত রানা। ধারাবাহিক ব্যবধানে উইকেট হারাতে থাকে সফরকারী দল। বড় জুটি গড়ে ওঠেনি। ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও লড়াই চালান গ্লেন ফিলিপ্স ও মার্ক চাপম্যান। ফিলিপ্স ৪০ বলে ৪৮ রান করেন (৬টি চার, ১টি ছক্কা)। চাপম্যানের ২৩ বলে ৩২ রানের ইনিংসেও ছিল ২টি চার ও ২টি ছক্কা। চতুর্থ উইকেটে তাঁদের ৫২ রানের জুটিই কিউই ইনিংসকে কিছুটা সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। স্যান্টনারও চাপের মুখে ১৭ বলে ২৭ রান করেন।

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম বুমরাহ—১৭ বলে ৩ উইকেট। রায়পুরে বিশ্রাম পেয়ে তরতাজা হয়ে ফিরেছেন তিনি। ১৮ রানে ২ উইকেট নিয়ে বিকল্পের ভাঁড়ার আরও সমৃদ্ধ করলেন রবি বিষ্ণোই। হার্দিক পাণ্ড্য নেন ২৩ রানে ২ উইকেট। হর্ষিত রানার ঝুলিতে ৩৫ রানে ১ উইকেট।

গুয়াহাটির রাত শেষ হল ভারতীয় আধিপত্যের ছবিতে—বিশ্বকাপের আগে যা নিঃসন্দেহে বড় বার্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.