বিনোদন

পাঁচ মাসেই নিভে গিয়েছিল মাতৃত্বের স্বপ্ন—নীরব যন্ত্রণার কথা প্রকাশ্যে রানি মুখোপাধ্যায়

নিজের জীবনের এক গভীর ব্যক্তিগত বিপর্যয়ের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার পর পাঁচ মাসেই গর্ভপাত হয় তাঁর। সেই কঠিন সময়ের অভিজ্ঞতা সম্প্রতি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘মর্দানি ৩’। তার আগেই ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর জীবনের এক বেদনাদায়ক অধ্যায়।

২০২০ সালে অতিমারির সময় দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হন রানি। কিন্তু পাঁচ মাসের মাথায় সন্তানকে হারাতে হয় তাঁকে। সেই ঘটনার মাত্র দশ দিনের মধ্যেই আসে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির প্রস্তাব। তখনও পরিচালক বা প্রযোজকদের কেউই অভিনেত্রীর এই ব্যক্তিগত শোকের কথা জানতেন না।

ছবির শুটিং চলাকালীন কিংবা মুক্তির সময়েও সন্তান হারানোর যন্ত্রণার কথা প্রকাশ্যে আনেননি রানি। তাঁর আশঙ্কা ছিল, এই ব্যক্তিগত অভিজ্ঞতাকে হয়তো ছবির প্রচারের কৌশল বলেই ধরে নেওয়া হবে। ফলে নীরবেই সেই সময় পার করেছেন তিনি।

উল্লেখ্য, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দেবিকা চট্টোপাধ্যায়ের চরিত্রে এক মায়ের সন্তানের অধিকার রক্ষার লড়াই ফুটিয়ে তুলেছিলেন রানি। বাস্তব জীবনের যন্ত্রণার সঙ্গে ছবির গল্পের অদ্ভুত মিল তাঁকে গভীর ভাবে স্পর্শ করেছিল।

সম্প্রতি ‘মর্দানি ৩’-এর প্রচারে এসে স্মৃতির পাতা উল্টে দেখেন অভিনেত্রী। রানি বলেন,
“এই ছবিটা আমার জীবনে এমন এক সময়ে এসেছিল, যখন আমি সবে দ্বিতীয় সন্তানকে হারিয়েছি। গল্পটা শোনামাত্রই মনে হয়েছিল, আমি এর সঙ্গে জড়িয়ে পড়েছি। হারানোর যন্ত্রণার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলাম।”

ব্যক্তিগত শোককে পেশাদার জীবনের শক্তিতে রূপান্তরিত করে পর্দায় আরও একবার নিজের অভিনয় ক্ষমতার প্রমাণ দিলেন রানি মুখোপাধ্যায়—এমনটাই মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.