নিউইয়র্ক: আবার কি পেশাদার টেনিসে প্রত্যাবর্তন করতে চলেছেন সেরিনা উইলিয়ামস? সাম্প্রতিক কিছু পদক্ষেপ ঘিরে সেই জল্পনাই এখন টেনিস মহলে তুঙ্গে। ডোপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর থেকেই ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকার কোর্টে ফেরা নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে।
২০২২ সালের ইউএস ওপেনের পর প্রতিযোগিতামূলক টেনিস থেকে সরে দাঁড়িয়েছিলেন সেরিনা। বর্তমানে তাঁর বয়স ৪৪। তবে গত বছরের ডিসেম্বর মাসে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (ITIA) জানায়, সেরিনাকে আবার ডোপিং টেস্টিং পুলে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড়কে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে হলে অন্তত ছ’মাস এই টেস্টিং পুলে থাকতে হয়।
যদিও সেই সময় সেরিনা স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর কোর্টে ফেরার কোনও পরিকল্পনা নেই। কিন্তু সম্প্রতি ‘টুডে শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রত্যাবর্তনের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি তিনি। সেরিনা বলেন, “আমি জানি না। দেখা যাক কী হয়।”
সাক্ষাৎকারগ্রহীতা সাভানা গুথরির বারবার প্রশ্নে খানিকটা হালকা মেজাজেই উত্তর দেন সেরিনা। তিনি বলেন, “আমি এখন শুধু জীবন উপভোগ করছি, মজা করছি। এটা ‘হ্যাঁ’ বা ‘না’-তে উত্তর দেওয়ার মতো বিষয় নয়।” একইসঙ্গে দুই সন্তানের মা সেরিনা জানান, আপাতত তিনি পুরোপুরি পারিবারিক জীবনেই মন দিয়েছেন। এমনকি ডোপ পরীক্ষার একটি ফর্মে পেশার জায়গায় ‘হাউসওয়াইফ’ লিখেছেন বলেও জানান এই টেনিস কিংবদন্তি।
ড্রাগ টেস্টিং পুলে ফেরার বিষয়ে রহস্য বজায় রেখেই সেরিনা বলেন, “আমি কি আবার টেনিসে ফিরছি? আমি জানিও না যে, আমি এর বাইরে ছিলাম কি না। এ নিয়ে এখন কিছু বলব না।”
সেরিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন বর্তমান বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার পর সাবালেঙ্কা বলেন, “সেরিনার ফেরা দারুণ হবে। শুনেছি ও জীবন উপভোগ করছে। ও যা করলে খুশি হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে যদি ও ট্যুরে ফিরে আসে, সেটা সত্যিই অসাধারণ হবে।”
সব মিলিয়ে, সেরিনা উইলিয়ামসের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কিন্তু তাঁর সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপ টেনিস দুনিয়াকে ফের একবার আশায় বুক বাঁধতে বাধ্য করছে।







