মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণ তৃণমূল নেতার গাড়িতে ! বিস্ফোরণের জেরে দুমড়ে মুচড়ে যায় গোটা গাড়ি ! ভেঙে তছনছ হয়ে যায় আসবেস্টরস এর ছাউনিও ! বিস্ফোরণের জেরে তীব্র আতঙ্ক , দক্ষিণ ২৪ পরগনার কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে । রাত পেরিয়ে সকাল হলেও বিস্ফোরণের রেষে এলাকা নিশ্চুপ ।
বিরোধীরাই এই বোমা বিস্ফোরণ করিয়েছে বলে দাবী করছে তৃণমূল । তবে আইএসএফ আবার দাবী করছে , তৃণমূল নেতা নিজেই বোমা মজুত করে রেখেছিলেন । আর তার জেরেই এই বিস্ফোরণ । যদিও বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ ।
ছামনাবুনি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িটি রাখা ছিল আসবেস্টরস এর ছাউনির নিচে । আর সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটে । তারপর এবিষয়ে কুতুবউদ্দিন বলেন , “গতকাল রাত ১টা নাগাদ বিস্ফোরণ হয়। তীব্র বোমার আওয়াজ। লোকজন আমার কাছে ছুটে আসে। বলে, তোর দোকান ভেঙে দিয়েছে। গাড়ি তছনছ করে দিয়েছে। আমি এসে দেখলাম, দোকান ও গাড়ি তছনছ হয়ে গিয়েছে। বোমাটি এখানে লাগানো হয়েছিল। এর আগেও আমার বাড়িতে একবার বোমাবাজি হয়েছিল। প্রমাণ হয়েছিল। যারা করেছিল, ভুল স্বীকার করেছিল।”
কিন্তু তৃণমূল নেতার গাড়িতে কারা বিস্ফোরণ ঘটিয়েছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যারা বিস্ফোরণ ঘটিয়েছে, তারা বিরোধী দল করে আইএসএফ, কংগ্রেস। আমরা চাইছি, যারা করেছে, তাদের খুঁজে বের করতে হবে।”
ইতিমধ্যেই পুলিশের তরফে , গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যে স্থানে বিস্ফোরণ ঘটেছে , ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত চলছে । বিস্ফোরণ হওয়া গাড়িটিকেও নিয়ে যাওয়া হয়েছে তদন্তের জন্য । তবে পুলিশের তরফে , এখনই এই বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি ।







