নিজস্ব সংবাদদাতা: কলকাতা বইমেলার শেষ রবিবারে ভিড়ের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ কলকাতা বইমেলার ৯ নম্বর গেটের কাছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর মুখপত্রের স্টলে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ালেও দ্রুত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কোনও হতাহতের খবর নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে স্টলের টিউবলাইট নিভে যায়। কিছুক্ষণের মধ্যেই স্টলের উপরের অংশ থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। আশপাশের কয়েকটি স্টলেও আলো নিভে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে, যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
এসএফআই নেতৃত্বের দাবি, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সংগঠনের দুই কর্মী অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। প্রায় এক ঘণ্টা পরে ফের স্টলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।
এসএফআই-এর মুখপত্রের সম্পাদক শৌভিক দাস বক্সি জানান, “অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। সেই সময় স্টলে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। বেশ কিছু বইপত্র ও সাজসজ্জা ক্ষতিগ্রস্ত হয়েছে।” তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ওই স্টল থেকেই ফের বই বিক্রি শুরু হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
শেষ রবিবার হওয়ায় বইমেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই ভিড়ের মধ্যেই ঘটে যাওয়া এই ঘটনায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়ালেও বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন আয়োজক ও প্রত্যক্ষদর্শীরা।







