ইডেন গার্ডেন্স থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃত দেহ। মৃত ওই যুবকের নাম ধনঞ্জয় বারিক(২১)। তিনি উড়িষ্যার বাসিন্দা। বাবার নাম গণেশ চন্দ্র বারিক। পুরো ঘটনায় ভেঙ্গে পড়েছে মৃত যুবকের পরিবার।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের বাবা ইডেন গার্ডেন্সে কর্মরত। সম্প্রতি ওই মৃত যুবক তার কলকাতায় বাবার কাছে আসে। কলকাতায় এসে বাবা এবং কাকুর সঙ্গে ইডেনের সিএবি স্টাফ কোয়ার্টারে থাকতেন। হঠাৎই রবিবার থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক।
তাকে খুঁজে না পাওয়ায় ময়দান থানায় মিসিং ডায়েরিও করে ওই মৃত যুবকের বাড়ির লোক। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সিএবি-এর একজন গ্রাউন্ড স্টাফ ইডেন গার্ডেন্সের কে ব্লকের গ্যালারি থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায়।
খবর দেওয়া হয় ময়দান থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কি কারণে এমন ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো ঘটনায় ওই মৃত যুবকের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।







