অফবিট

আর না খেয়ে অফিস নয়! ৫ মিনিটেই তৈরি হবে স্বাস্থ্যকর প্রাতরাশ

সকালের সময়টাই যেন সবচেয়ে ব্যস্ত। বিশেষ করে কর্মজীবী মহিলাদের কাছে। সংসারের কাজ সামলে, স্বামী–সন্তানের টিফিন গুছিয়ে বেরোতে গিয়ে নিজের জন্য সময় বের করাই দায়। ফল? দিনের পর দিন না খেয়েই অফিসে রওনা।

কিন্তু এই অভ্যাস শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। নিয়মিত সকালের খাবার বাদ গেলে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে, কমে এনার্জি, বাড়ে নানা শারীরিক সমস্যা। তাই যত তাড়াহুড়োই থাকুক, প্রাতরাশ এড়িয়ে যাওয়া ঠিক নয়।

ভালো খবর হল— মাত্র ৫ মিনিটেই বানিয়ে নেওয়া যায় এমন কিছু স্বাস্থ্যকর খাবার, যা পেট ভরাবে, শরীরও রাখবে চাঙ্গা। জেনে নিন সেই সহজ রেসিপিগুলি।

পনির–বিটরুট চিলা
এক পাত্রে আটা নিন। তাতে বিটের রস, অল্প নুন, আমচুর গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, কাঁচালঙ্কাকুচি, জোয়ান ও এক চিমটে হিং মিশিয়ে ঘন ব্যাটার বানান।
তাওয়ায় অল্প তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে দিন। দু’ মিনিট পর উপর থেকে পেঁয়াজকুচি, ঝুরো পনির ও ধনেপাতা ছড়িয়ে উল্টে দিন। দু’পিঠ সেঁকেই তৈরি স্বাস্থ্যকর চিলা।

রুটি র‍্যাপ
আগের দিন রাতে আটা মেখে ফ্রিজে রেখে দিন। সকালে লেচি বেলে রুটি সেঁকে নিন।
একই তাওয়ায় অল্প তেলে ডিম ফেটিয়ে অমলেট বানান। পুরোপুরি জমার আগেই রুটি বসিয়ে দিন। দু’দিক ভেজে নিন।
এরপর কুচোনো পেঁয়াজ, ক্যাপসিকাম ও টম্যাটো সস দিয়ে রোল করে নিলেই তৈরি রুটি র‍্যাপ।

দইয়ের স্যান্ডউইচ
জল ঝরানো টকদইয়ের সঙ্গে মেশান পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম, টম্যাটো কুচি, নুন, অরিগ্যানো, চিলি ফ্লেক্স ও গোলমরিচ।
মাল্টিগ্রেন পাউরুটি সামান্য মাখন দিয়ে সেঁকে নিয়ে তার মাঝে দইয়ের পুর ভরে নিলেই ঝটপট স্যান্ডউইচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.