খেলাধুলা

সুদীপের শতরানে লড়াইয়ে ফিরল বাংলা, রঞ্জি কোয়ার্টারে অন্ধ্রপ্রদেশের বড় লিডের স্বপ্নে ছেদ

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে চাপের মুখে পড়েও লড়াইয়ে ফিরল বাংলা। ব্যাটিং বিপর্যয়ের মাঝেই প্রাচীর হয়ে দাঁড়ালেন সুদীপ ঘরামি। দুর্দান্ত শতরান করে দিনের শেষে অপরাজিত থাকলেন তিনি। সঙ্গে ভরসা জোগাচ্ছেন সুমন্ত গুপ্ত।

কল্যাণীর মাঠে প্রথম ইনিংসে অন্ধ্রপ্রদেশের ২৯৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলা ৫ উইকেটে ১৯৯ রান তোলে। ফলে এখনও ৯৬ রানে পিছিয়ে রয়েছে অভিমন্যু ঈশ্বরণদের দল।

এর আগে প্রথম দিনের শেষে অন্ধ্রপ্রদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৬৪। দ্বিতীয় দিনে খুব বেশি দূর এগোতে পারেনি তারা। বাংলার পেস আক্রমণের সামনে ২৯৫ রানে গুটিয়ে যায় অন্ধ্রপ্রদেশ। মুকেশ কুমার পাঁচটি এবং আকাশদীপ চারটি উইকেট নেন। বাকি একটি উইকেটের মালিক মহম্মদ শামি।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলা। দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ (১) এবং সুদীপ চট্টোপাধ্যায় (১৩) দ্রুত ফিরেন। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারও বড় ম্যাচে ব্যর্থ, করেন মাত্র ৯ রান। পাঁচ নম্বরে লক্ষ্মীরতন শুক্লের পরিবর্তে নামানো সূরজ সিন্ধু জয়সওয়াল কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন।

চতুর্থ উইকেটে সূরজ ও সুদীপ ঘরামির জুটি বাংলাকে আবার ম্যাচে ফেরায়। সুদীপ তুলে নেন অর্ধশতরান। তবে সূরজ ২০ রান করে আউট হলে আবার চাপ বাড়ে। দলের ভরসা শাহবাজ় আহমেদও এই ইনিংসে ব্যর্থ, করেন মাত্র ৫ রান।

সাত নম্বরে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেন সুমন্ত গুপ্ত। অন্য প্রান্তে সুদীপ ঘরামি ধৈর্য ও সংযমের সঙ্গে শতরান পূর্ণ করেন। দিনের শেষে সুদীপ ১১২ এবং সুমন্ত ২২ রানে অপরাজিত।

বাংলা এখনও লিড থেকে কিছুটা দূরে থাকলেও ম্যাচে ফেরার বাস্তব সুযোগ রয়েছে। কারণ, পরের দিকে ব্যাট করার জন্য শাকির হাবিব গান্ধী, মহম্মদ শামি এবং আকাশদীপ রয়েছেন—তিন জনই প্রয়োজনীয় রান যোগ করতে সক্ষম। প্রথম ইনিংসের লিডই এই কোয়ার্টার ফাইনালের ভাগ্য নির্ধারণ করতে পারে। সেই লক্ষ্যেই তৃতীয় দিনের শুরুটা ভালো করতে মরিয়া বাংলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.