আবহাওয়া

ফিরে এল শীতের শেষ কামব্যাক, কলকাতায় পারদ ১৪ ডিগ্রির ঘরে—পশ্চিমাঞ্চলে ১০-এর কাছাকাছি

ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ—এই দেড় মাসই বাংলার শীতের ভরসা। বছরের বাকি সময় কখনও তীব্র গরম, কখনও ভ্যাপসা অস্বস্তি। তাই শীতটা যদি একটু বেশিদিন থাকে, সেই আশাই করেন রাজ্যের বড় অংশের মানুষ। শেষ পর্যন্ত সেই প্রত্যাশাই খানিকটা পূরণ হল।

কয়েক দিন আগেই আবহবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। পাশাপাশি জানানো হয়েছিল, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনাও রয়েছে। শেষ পর্যন্ত দুই পূর্বাভাসই মিলেছে।

২৪ জানুয়ারির পর থেকে কলকাতার পারদ আর ১৪ ডিগ্রির ঘরে নামেনি। তবে উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার প্রবাহে বাধা সৃষ্টি করছিল। সেই ঝঞ্ঝাগুলি সরে যেতেই ফের দাপট দেখাতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আবহবিদদের মতে, সম্ভবত এই মরশুমে শেষবারের মতোই এমন ঠান্ডার স্বাদ পাচ্ছে বাংলা।

জানুয়ারির শেষ সপ্তাহের শুরুতে আচমকা শীতের দাপট কমে যাওয়ায় শীতপ্রেমীদের বড় অংশ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। তার ঠিক আগের কয়েক দিন রাজ্যজুড়ে ছিল জাঁকিয়ে ঠান্ডা। বিশেষ করে কলকাতা ও দক্ষিণবঙ্গে এত দীর্ঘ সময় ধরে এমন শীত বহু বছর পর দেখা গিয়েছিল। সেই ঠান্ডা হঠাৎ উবে যেতেই অনেকেই আক্ষেপ করে লিখেছিলেন—‘শীত আসতে না আসতেই কাঁপুনি ধরল, তাই শীতকেই তাড়িয়ে দেওয়া হল!’ তবে যেতে যেতেও শেষ পর্যন্ত আবার ফিরল শীত।

শনিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর জানায়, ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। তার ঠিক ২৪ ঘণ্টা আগে এই তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি। অর্থাৎ, এক রাতেই পারদ নেমেছে ১.৩ ডিগ্রি। উত্তুরে হাওয়ার গতি বাধাহীন থাকায় রাজ্যের পশ্চিমাঞ্চলে ফের পুরোদস্তুর শীতের আমেজ।

এ দিন সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে ১১, বাঁকুড়ায় ১১.১ এবং আসানসোলে ১১.৮ ডিগ্রি। উত্তরবঙ্গেও ফিরেছে শীতের দাপট—কোচবিহারে তাপমাত্রা নেমেছে ১১.১ ডিগ্রি এবং জলপাইগুড়িতে ১১.৭ ডিগ্রিতে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি, আর দার্জিলিং পোস্ট অফিসে তা আরও নেমে দাঁড়িয়েছে ৪.২ ডিগ্রি সেলসিয়াসে। পার্বত্য কালিম্পং ও দক্ষিণবঙ্গের কল্যাণীতে শুক্রবার রাতে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি—যা রাজ্যের মধ্যে অন্যতম কম।

আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েক দিন রাজ্য জুড়েই এই শীতের আমেজ বজায় থাকবে।

উল্লেখ্য, এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির শুরুতেই শীত বিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছিল। ৬ ফেব্রুয়ারি কলকাতার দিনের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসে। এ বার এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি। যদিও এ বছরের গরমের প্রাবল্য নিয়ে আগাম সতর্কবার্তা দিয়েছেন আবহবিদরা। তবে তার আগে শীতের এই শেষ অধ্যায়টুকু উপভোগ করতে চাইছেন রাজ্যের মানুষ—এই সুযোগ হাতছাড়া করতে নারাজ কেউই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.