কুয়ালালামপুর: দু’দিনের মালয়েশিয়া সফরের শেষ দিনে এক আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল কুয়ালালামপুর। রবিবার মালয়েশিয়ায় ভারতমাতার এক অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি সাক্ষাৎ করেন আজাদ হিন্দ ফৌজের (আইএনএ) প্রবীণ যোদ্ধা জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে। এই সাক্ষাৎকে ‘অত্যন্ত অনুপ্রেরণাদায়ক’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
নেতাজির গড়া ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম সদস্য জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন মোদী। স্বাধীনতা সংগ্রামের দিনগুলিতে আইএনএ-র লড়াই, ত্যাগ ও অভিজ্ঞতার কথা শুনে গভীরভাবে আপ্লুত হন তিনি। সাক্ষাতের পরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন,
“আইএনএ-র প্রবীণ সৈনিক শ্রী জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে সাক্ষাৎ আমার জন্য সৌভাগ্যের। তাঁর জীবন অসীম সাহস, ত্যাগ ও দেশপ্রেমের প্রতীক। তাঁর অভিজ্ঞতা শুনে আমি গভীরভাবে অনুপ্রাণিত।”
এই দিন কেবলমাত্র জয়রাজ রাজা রাওয়ের সঙ্গেই নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর সমস্ত মুক্তিযোদ্ধার প্রতিও গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। মোদীর কথায়,
“নেতাজি এবং আজাদ হিন্দ বাহিনীর প্রতিটি যোদ্ধার কাছে ভারত চিরঋণী। তাঁদের সাহস ও আত্মত্যাগ ভারতের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
মালয়েশিয়া ভারতের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও কৌশলগত সহযোগী দেশ। এখানে প্রায় ২৯ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মানুষের বসবাস, যা সংখ্যার বিচারে বিশ্বের তৃতীয় বৃহত্তম ভারতীয় প্রবাসী জনসংখ্যা। দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ান গোষ্ঠীর মধ্যেও মালয়েশিয়া ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-র এক গুরুত্বপূর্ণ স্তম্ভ এই দেশ।
এই সফরে প্রধানমন্ত্রী মোদীর আলোচনার মূল ফোকাস ছিল ভারত–মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, আঞ্চলিক সহযোগিতা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয় বৃদ্ধির বিষয়গুলি আলোচনায় উঠে আসে। দু’দিনের এই সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তিতে এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
উল্লেখ্য, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মালয়েশিয়া সফর। এর আগে ২০১৫ সালে কুয়ালালামপুর সফরে গিয়ে তিনি ভারত–মালয়েশিয়া সম্পর্ককে ‘উন্নত অংশীদারত্ব’-এর স্তরে উন্নীত করেন এবং ঐতিহাসিক তোরণা গেট উদ্বোধন করেন। ২০২৪ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভারতে এসে দুই দেশের সম্পর্ককে ‘সমগ্রিক কৌশলগত অংশীদারত্ব’-এর স্তরে নিয়ে যান। সেই উন্নয়নের পর এটাই মোদীর প্রথম মালয়েশিয়া সফর।
সফরে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী এক্সে পোস্ট করে জানিয়েছিলেন, ভারত ও মালয়েশিয়ার সম্পর্ক বহু পুরনো এবং সাম্প্রতিক বছরে তা আরও দৃঢ় হয়েছে। প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি ও নতুন সহযোগিতার ক্ষেত্রে বড় অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভারত ও মালয়েশিয়ার সম্পর্কের অন্যতম শক্ত ভিত দুই দেশের মানুষে–মানুষে যোগাযোগ। মালয়েশিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়কে দুই দেশের সম্পর্কের ‘জীবন্ত সেতু’ বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি মালয়েশিয়ার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করতে আগ্রহী বলে জানান।







