ফর্ম নিয়ে ছিল নানা প্রশ্ন। সাম্প্রতিক সময়ে একের পর এক খারাপ ফলাফলের কারণে চাপও কম ছিল না। তবে ফ্লাশিং মিডোর পরিচিত হার্ড কোর্টে পা রাখতেই যেন পুরনো ছন্দে ফিরলেন আরিনা সাবালেঙ্কা।
ইউএস ওপেনে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দারুণ শুরু করলেন বিশ্বের এক নম্বর তারকা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে কলম্বিয়ার ক্যামিলা ওসোরিওকে সরাসরি সেটে ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন তিনি। ম্যাচ শেষ করতে সাবালেঙ্কার সময় লাগে মাত্র ৮৭ মিনিট। ২০১২ থেকে ২০১৪—এই তিন বছরে টানা তিনবার ইউএস ওপেন জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। এবার সেই কৃতিত্বে ভাগ বসানোর লক্ষ্য সাবালেঙ্কার।
গত এপ্রিল থেকে হার্ড কোর্টে তাঁর জয়-পরাজয়ের হিসাব ১৭-৭। এমনকি শেষ দুই প্রতিযোগিতাতেও খুব বেশি দূর এগোতে পারেননি তিনি। কিন্তু নিউইয়র্কে এলেই যেন সম্পূর্ণ অন্য এক সাবালেঙ্কাকে দেখা যায়। ম্যাচের আগে চাপ সামলানোর প্রসঙ্গে বিশ্বের এক নম্বর বলেন, তিনি নিজের খেলাতেই মনোযোগ দিতে চান। নিউইয়র্কের পরিবেশ উপভোগ করার পাশাপাশি জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে তিনি প্রস্তুত বলেও জানান।
সেই আত্মবিশ্বাসের ছাপ দেখা গেল কোর্টেও। শুরুতেই ওসোরিওর সার্ভিস ভেঙে ২-১ ব্যবধানে এগিয়ে যান সাবালেঙ্কা। কিছুক্ষণের মধ্যেই ব্যবধান দাঁড়ায় ৪-১। কলম্বিয়ার খেলোয়াড় একটি ব্রেক ফেরত পেলেও দ্রুতই আবার তাঁর সার্ভিস ভেঙে দেন সাবালেঙ্কা। মাত্র ৪০ মিনিটে প্রথম সেট জিতে নেন তিনি।
দ্বিতীয় সেটে অবশ্য লড়াই অনেকটা জমে ওঠে। ৩-৩ অবস্থায় দুটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে দেন সাবালেঙ্কা। এরপর ৫-৪ গেমে এগিয়ে থাকার সময় ওসোরিওর ভুলের সুযোগ নিয়ে ফের ব্রেক করেন তিনি। সেখানেই ম্যাচের ইতি। গোটা ম্যাচে চারটি এস মারেন সাবালেঙ্কা এবং প্রথম সার্ভে ৭৭ শতাংশ পয়েন্ট জেতেন। ফ্লাশিং মিডোয় এটি তাঁর টানা ১৪তম জয়। শেষ ২১টি ম্যাচের মধ্যে ২০টিতেই জয় পেয়েছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে সাবালেঙ্কার সামনে পোলিনা ইয়াতসেনকো।
এদিকে লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামেও সহজ জয় তুলে নিলেন অষ্টম বাছাই ইগা শিয়নটেক। চিনের ওয়াং জিয়ুকে ৬-২, ৬-৩ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন পোলিশ তারকা। টরন্টোয় শিরোপা জয়ের পর সিনসিনাটিতে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। সেই আত্মবিশ্বাস নিয়েই নিউইয়র্কে এসে প্রথম ম্যাচেও দাপট দেখালেন।
৮৮ মিনিটের ম্যাচে প্রথম সেটে ৩-১ এগিয়ে যাওয়ার পর দু’বার প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করেন শিয়নটেক। দ্বিতীয় সেটে ওয়াং কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও অষ্টম গেমে ফের ব্রেক করে ম্যাচ নিজের দখলে নিয়ে নেন পোলিশ তারকা।
জয়ের পর শিয়নটেক জানান, শুরু থেকেই নিজের খেলায় স্বচ্ছন্দ বোধ করছিলেন। তাঁর মধ্যে যথেষ্ট এনার্জি ও তীব্রতা ছিল এবং পরের ম্যাচগুলিতেও সেই ছন্দ ধরে রাখতে চান। টানা কয়েকটি ভালো ফলাফলের পর গ্র্যান্ড স্ল্যামে নামাটা যে স্বস্তির, সেটিও স্বীকার করেন তিনি। বিশেষ করে হার্ড কোর্টে খুব বেশি স্বাচ্ছন্দ্য না থাকায় এই জয় তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলেও জানান। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ নাদিয়া পোদোরোস্কা।
অন্যদিকে জন্মদিনেই কোর্টে নেমে দারুণ উপহার পেলেন আমান্ডা আনিসিমোভা। গতবারের রানার্স এবং এ বার দশম বাছাই মার্কিন তারকা মাত্র ৭২ মিনিটে স্বদেশীয় অ্যাশলিন ক্রুগারকে ৬-১, ৬-৩ ব্যবধানে হারিয়ে শুরু করলেন ইউএস ওপেন অভিযান।
প্রথম সেটে তিনটি ব্রেক পয়েন্ট সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন আনিসিমোভা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ক্রুগার। শুরুতে দু’জনের মধ্যে ব্রেকের আদানপ্রদানও হয়। তবে শেষ গেমে গুরুত্বপূর্ণ ব্রেক তুলে নিয়ে জয় নিশ্চিত করেন আনিসিমোভা।
ম্যাচ শেষে গ্যালারির দর্শকরা জন্মদিনের শুভেচ্ছা জানালে ২৫ বছরের আনিসিমোভার মুখে দেখা যায় মিষ্টি হাসি। তিনি জানান, জন্মদিন হওয়ার কারণেই হয়তো মানসিক চাপ কিছুটা কম ছিল। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রিয়ার লিলি টাগারের মুখোমুখি হবেন তিনি।







