খেলাধুলা

হাসপাতাল থেকে ফিরলেন অভিষেক, নামিবিয়া ম্যাচের আগে স্বস্তির নিঃশ্বাস ভারত শিবিরে

টি-২০ বিশ্বকাপ ২০২৬–এ নামিবিয়ার বিরুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ গ্রুপ-স্টেজ ম্যাচের আগে বড় স্বস্তি ভারতীয় শিবিরে। ওপেনার অভিষেক শর্মা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পেটের সমস্যার কারণে রবিবার দিল্লিতে পৌঁছনোর পরই তাঁকে পর্যবেক্ষণের জন্য ভর্তি করা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর বুধবার সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

বুধবার ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে সতীর্থ তিলক বর্মা জানান, “অভিষেক এখন অনেকটাই ভাল আছে। তবে কাল খেলবে কি না, সেটা ম্যাচের দিন সিদ্ধান্ত হবে।” টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর ফিটনেস পর্যবেক্ষণে রাখবে। সূচিতে ঘনঘন ম্যাচ থাকায় কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় দল। সম্পূর্ণ ফিট না হলে তাঁকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাই বেশি।

সহকারী কোচ রায়ান টেন দুশখাতে মঙ্গলবার বলেছিলেন, “অভির এখনও পেটের কিছু সমস্যা রয়েছে। আশা করছি, দু’দিনের মধ্যে সেরে উঠবে।” তবে বোর্ডের একটি সূত্র জানায়, মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। পেটের সংক্রমণের জেরে তাঁর অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে হাসপাতালে ভর্তি করানো ছাড়া উপায় ছিল না।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগের ম্যাচের আগে থেকেই পুরোপুরি সুস্থ ছিলেন না অভিষেক। সেই ম্যাচে প্রথম বলেই আউট হন—গোল্ডেন ডাক। পরে জ্বর ও দুর্বলতার কারণে ফিল্ডিংয়েও নামতে পারেননি। তাঁর জায়গায় পুরো ইনিংস ফিল্ডিং করেন সঞ্জু স্যামসন। ম্যাচ-পরবর্তী উদ্‌যাপনেও দেখা যায়নি অভিষেককে।

এদিকে দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। অনুশীলনেও নেমেছেন তিনি। স্বস্তির খবর জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়েও। দীর্ঘ বিরতির পর নিয়মিত বোলিং করছেন তিনি। দুশখাতে বলেন, “বুমরাহ এখন অনেকটাই ভাল। আজও বল করবে।”

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়ের নায়ক সূর্যকুমার যাদবের প্রশংসায় কোচ বলেন, “গত এক বছরে ওর ফর্ম ওঠা-নামা করেছে। কিন্তু নেতৃত্ব ও ধারাবাহিকতায় ওর প্রত্যাবর্তন স্পষ্ট।”

সব মিলিয়ে নামিবিয়া ম্যাচের আগে ভারতীয় শিবিরে যেমন স্বস্তি, তেমনই দুশ্চিন্তাও। অভিষেকের চূড়ান্ত ফিটনেস রিপোর্টের উপরই নির্ভর করছে ওপেনিং জুটি। ঝুঁকি নিয়ে তাঁকে খেলানো হবে, নাকি সঞ্জু স্যামসনের উপর আস্থা রাখা হবে—সেই সিদ্ধান্তেই এখন নজর টিম ম্যানেজমেন্টের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.