ঢাকা: ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দিল বাংলাদেশ। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ২৯৯টি আসনে; একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত। মোট আসন ৩০০। আজ, শুক্রবার চলছে গণনা—ফলেই নির্ধারিত হবে পদ্মাপারের ক্ষমতার সমীকরণ।
মূল লড়াই: BNP জোট বনাম জামাত জোট
এবারের নির্বাচনে একাধিক দল প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) জোট ও জামাত জোটের মধ্যে। ২৯৯টির মধ্যে ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে BNP। দলের চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে, দীর্ঘদিনের মিত্র-প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে ঘিরেও জোটের লড়াই তীব্র হয়েছে।
এবারের ভোটে নেই বাংলাদেশ আওয়ামী লীগ। দেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন হয়েছে তাদের অনুপস্থিতিতেই।
ভোটের পাশাপাশি গণভোট
জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এদিন “জুলাই সনদ” নিয়েও গণভোট হয়েছে। ফলে প্রত্যেক ভোটারকে দিতে হয়েছে দু’টি করে ভোট।
ইউনূসের ভোট, হাসিনার অভিযোগ
ঢাকার গুলশনে ভোট দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ভোট-পরবর্তী প্রতিক্রিয়ায় শেখ হাসিনা সোশাল মিডিয়ায় লেখেন, এটি “অবৈধ ও অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারীদের সুপরিকল্পিত প্রহসন”; তাঁর দাবি, বহু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম।
কড়া নিরাপত্তা
সেনার তিন বাহিনী-সহ প্রায় ৯ লক্ষ ৫৮ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল সারা দেশে। সংবেদনশীল এলাকাগুলিতে ছিল নজিরবিহীন প্রহরা।
পটভূমি
২০২৪ সালের ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গণবিক্ষোভে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রায় দেড় বছর পর সেই সরকারের মেয়াদ শেষের মুখে এই নির্বাচন।
কী বলছেন বিশ্লেষকরা
অবসরপ্রাপ্ত কর্নেল পৃথ্বীরাজ দাসের মতে, লড়াই হাড্ডাহাড্ডি হলেও সুবিধাজনক অবস্থানে BNP জোট। তাঁর দাবি, নারী ভোটারদের বড় অংশ BNP-র দিকে ঝুঁকতে পারেন। তবে যে-ই ক্ষমতায় আসুক, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা—এটাই হবে বড় চ্যালেঞ্জ।







